ফোরটিন ডেস্ক : কুমিল্লায় সুরক্ষিত আবাসিক এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে অপহরণ ও নির্মম হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এক শোক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সুরক্ষিত এলাকায় ঘটে যাওয়া এই লোমহর্ষক হত্যাকাণ্ড আজ গোটা জাতিকে এক চরম নিরাপত্তাহীনতার বার্তা দিয়েছে। এই ঘটনায় তিনি অত্যন্ত শোকগ্রস্ত, ক্ষুব্ধ ও চরম হতবাক হয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় দফতর থেকে পাঠানো বিবৃতিতে তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চরম প্রশাসনিক ব্যর্থতা ও দেশে বিরাজমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে ধিক্কার জানান।
আওয়ামী লীগ সভাপতি এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অবিলম্বে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অনতিবিলম্বে ঘটনার সঠিক বিচার প্রক্রিয়া শুরু না হলে দেশব্যাপী রাজপথে তীব্র প্রতিবাদ গড়ে তোলা হবে।
সম্প্রতি অনুষ্ঠিত বিএনপি-জামায়াত চক্রের ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে রাজধানীসহ সারা দেশে শিশু হত্যা, অপহরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের একমাত্র সন্তান অপ্রতিম অপহরণের পর নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, “এই হত্যাকাণ্ড গোটা জাতিকে নিরাপত্তাহীনতার বার্তা দিয়েছে। ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমসহ যারা প্রতিদিন হত্যার শিকার হচ্ছেন, তাদের সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও তথ্য দেন যে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫ হাজার ৭১৭ জন শিশু নিখোঁজের জিডি হয়েছে, যার মধ্যে ২৫৪ জন শিশু মর্মান্তিকভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পাবনা, সিলেট ও পল্লবীসহ নানা জায়গায় এসব শিশু হত্যার শিকার হয়।
এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দেশের সচেতন নাগরিকরা শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছেন। অনতিবিলম্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জনমনে সঞ্চিত ক্ষোভ সামাজিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে।
নিহত অপ্রতিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে।
