ফোরটিন ডেস্ক : নিউইয়র্কের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. মঞ্জুর মোর্শেদ টানা চতুর্থবারের মতো সম্মানজনক ক্যাসল কনলি ‘টপ ডাক্তার’ স্বীকৃতি লাভ করেছেন। যুক্তরাষ্ট্রের ১১ লাখের বেশি চিকিৎসকের মধ্য থেকে সহকর্মীদের মূল্যায়ন ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে তাঁকে নির্বাচন করা হয়।
ক্যাসল কনলির প্রকাশিত তথ্যে জানা যায়, ২০২৬ সালের এই বিশেষ তালিকায় যুক্তরাষ্ট্রের মাত্র ৭ শতাংশ চিকিৎসা বিশেষজ্ঞ স্থান পেয়েছেন। ডা. মোর্শেদ দীর্ঘ ২১ বছর ধরে নিউইয়র্কে অত্যন্ত সুনামের সঙ্গে কার্ডিওভাসকুলার রোগের চিকিৎসা দিয়ে আসছেন।
সম্মানজনক এই ক্যাসল কনলি প্রতিষ্ঠানের গবেষণা দল জানায়, রোগীদের জনপ্রিয়তার ভিত্তিতে নয়, বরং পেশাগত দক্ষতা ও অবদানের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়। ডা. মোর্শেদ হৃদরোগ নির্ণয় ও প্রতিরোধমূলক চিকিৎসায় অনন্য অবদান রেখে চলছেন।
যুক্তরাষ্ট্রের ক্যাসল কনলি ডিরেক্টরি এবং সংশ্লিষ্ট চিকিৎসা পর্ষদ এই বার্ষিক তালিকা ও মূল্যায়ন প্রকাশ করে। প্রতি বছর গবেষণার মাধ্যমে নির্বাচিত সেরা চিকিৎসকদের তথ্য তারা স্বাস্থ্য সেবায় সার্বজনীন তথ্য হিসেবে প্রচার করে থাকে।
ডা. মঞ্জুর মোর্শেদ নিউইয়র্কের অ্যাভিসেনা কার্ডিওলজির সঙ্গে যুক্ত এবং ব্রঙ্কসের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নিয়মিত রোগী দেখেন। নিউইয়র্ক ইউনিভার্সিটি ল্যাঙ্গোন ও লেনক্স হিল হাসপাতালের সাথেও তাঁর ক্লিনিক্যাল সম্পৃক্ততা রয়েছে।
ক্যাসল কনলি ডিরেক্টরির মুখপাত্র জানান, “চিকিৎসকদের সহকর্মীদের মনোনয়ন, পেশাগত যোগ্যতা এবং চিকিৎসাক্ষেত্রে অবদান পর্যালোচনার পর গবেষণামূলক প্রক্রিয়ায় ডা. মঞ্জুর মোর্শেদকে ২০২৬ সালের ক্যাসল কনলি টপ ডাক্তার হিসেবে নির্বাচন করা হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন যে, উচ্চ রক্তচাপ, হার্ট ফেইলিউর, অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন এবং অন্যান্য জটিল হৃদরোগ নির্ণয়ে ডা. মোর্শেদের দীর্ঘদিনের ক্লিনিক্যাল অভিজ্ঞতা বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতকরণে বড় ভূমিকা পালন করছে।
নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য মাতৃভাষায় সরাসরি চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে এই স্বীকৃতি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখছে। ডা. মোর্শেদের এই অর্জন প্রবাসে বাংলাদেশি কমিউনিটির মর্যাদা ও ট্রাস্ট বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
ক্যাসল কনলির এই সম্মাননা পাওয়ার পর ডা. মোর্শেদ নিউইয়র্ক ও ব্রঙ্কসের বিভিন্ন নেটওয়ার্কে তাঁর চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখবেন।
সূত্র: আইবিএল ইন্টারন্যাশনাল
