সৌদি আরবে অনুমোদন ছাড়া কোনো সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশ না নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
বুধবার (৫ নভেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, অননুমোদিত সভা-সমাবেশে অংশ নেওয়ার অভিযোগে ইতোমধ্যে কয়েকজন বাংলাদেশিকে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় ইসতেরাহা ও হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসায় বিভিন্ন সংগঠনের ব্যানারে অনুমতি ছাড়া সভা-সমাবেশ আয়োজনের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। এসব কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে কিছু বাংলাদেশিকে সৌদি পুলিশ আটক করেছে বলে দূতাবাসের কাছে তথ্য এসেছে।
এমন পরিস্থিতিতে দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের যথাযথ সৌদি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন বা তাতে অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
একই সঙ্গে সৌদি আরবের আইন, বিধি-বিধান ও স্থানীয় সংস্কৃতি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, এসব নিয়ম ভঙ্গ করলে আইনগত জটিলতা ও শাস্তির মুখে পড়তে হতে পারে।
