পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব মাকসুদা হোসেনকে সরকারি গাড়ির ভেতরে প্রায় চার ঘণ্টা জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে তাঁরই গাড়িচালকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, চালক নিজের মায়ের চিকিৎসার কথা বলে তাঁর কাছে ৬ লাখ টাকা দাবি করেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ধানমন্ডির বাসা থেকে পরিকল্পনা কমিশনের শেরেবাংলা নগরের কার্যালয়ের উদ্দেশে রওনা দেন মাকসুদা হোসেন। কিন্তু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এলাকায় পৌঁছে চালক আবদুল আউয়াল গাড়ি কমিশনে না নিয়ে বিজয় সরণির দিকে ঘুরিয়ে নেন। গাড়ি কেন অন্যদিকে যাচ্ছে জানতে চাইলে কোনো উত্তর দেননি তিনি।
এরপর মহাখালী, বনানী হয়ে বিমানবন্দর সড়ক, উত্তরা দিয়াবাড়ি, বেড়িবাঁধ ঘুরে গাড়ি সাভারের হেমায়েতপুরের দিকে নিয়ে যান চালক। পরিস্থিতি আঁচ করতে পেরে এক সহকর্মীকে বিষয়টি জানাতে সক্ষম হন যুগ্ম সচিব।
একপর্যায়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিতে গেলে চালক জোর করে তাঁর হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে বন্ধ করে দেন। একই সঙ্গে গাড়ির দরজা লক করে দেন বলেও অভিযোগ করেন মাকসুদা হোসেন।
দুপুরের দিকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের মাঠে গাড়ি থামিয়ে চালক নিজের মায়ের চিকিৎসার জন্য ৬ লাখ টাকা দাবি করেন। তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দেন তিনি। তখন যুগ্ম সচিব জানান, তাঁর কাছে এই মুহূর্তে টাকা নেই, অফিসে গেলে ব্যবস্থা করা যাবে।
এরপর চালক গাড়ি নিয়ে পরিকল্পনা কমিশনের সামনে আসেন। সেখানে আগে থেকেই সতর্ক থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাড়িচালক আবদুল আউয়ালকে আটক করেন। বিকেল পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিম্মিদশা থেকে মুক্তির পর মাকসুদা হোসেন বলেন, চালক যদি টাকার প্রয়োজনের কথা জানাতেন, তাহলে বিষয়টি ভিন্নভাবে দেখা যেত। কিন্তু তাকে জিম্মি করে মোবাইল কেড়ে নিয়ে চার ঘণ্টা ধরে ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরানো ছিল অমানবিক ও ভয়াবহ অভিজ্ঞতা।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, অপহরণের অভিযোগে চালককে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।
পরিকল্পনা কমিশনের সচিব শাকিল আখতার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত চালক মাদকাসক্ত। ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করায় তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর প্রশাসনের শীর্ষ পর্যায়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থা সকাল থেকেই গাড়িটি ট্র্যাক করছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
