ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ প্রকাশ্যে ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার্স স্বাধীন করো’ শীর্ষক স্লোগান দিয়েছেন।
বুধবার ‘জুলাই ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের ডাকে আয়োজিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার বিকেলে লং মার্চ শুরু করে ভারতীয় হাইকমিশনের দিকে অগ্রসর হলে বাড্ডা এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে কর্মসূচিটি। পুলিশের বাধার পর সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দেন জুলাই ঐক্যের নেতারা।
এই পর্যায়ে নিজের বক্তব্য দিতে গিয়ে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ওই স্লোগানটি দেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ভারতের দুটি রাজধানী রয়েছে—একটি দিল্লিতে, অন্যটি কারওয়ান বাজারে।
তার এই বক্তব্য ও স্লোগান সংবলিত প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে।
