নিউইয়র্ক প্রতিনিধি:দীর্ঘদিনের সাধনা, দক্ষতা ও সঙ্গীতের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে ‘North America’s Best Drummer Award’ পেলেন জনপ্রিয় যন্ত্রশিল্পী মোহাম্মদ শাহাদাত ওসমান, যিনি ডি. কিউ. মিথুন নামে সঙ্গীতাঙ্গনে পরিচিত।
৩ অক্টোবর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে আয়োজিত এক বর্ণাঢ্য সঙ্গীত সন্ধ্যায় তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। প্রবাসী সংগঠন ‘দ্য বিউটিফুল লেডিজ অব ইউএসএ’ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ারের সিইও মোহাম্মদ জাহিদ আলম। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাদিয়া চৌধুরী ও সিলভী আকন্দ।
সঙ্গীত পরিবেশনার এক পর্যায়ে জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা এবং আয়োজকদের পক্ষ থেকে মঞ্চে ডি. কিউ. মিথুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত দর্শক ও সংস্কৃতিপ্রেমীরা করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ডি. কিউ. মিথুনের বাদ্যযন্ত্রে অসামান্য দক্ষতা, রিদমের ওপর নিয়ন্ত্রণ, সৃজনশীলতা এবং সঙ্গীতের প্রতি গভীর নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা দেওয়া হয়েছে। প্রবাসের মাটিতে নিয়মিত ড্রামিংয়ের মাধ্যমে সঙ্গীত পরিবেশনাকে প্রাণবন্ত করা এবং শ্রোতাদের মুগ্ধ করার অবদানও এ স্বীকৃতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডি. কিউ. মিথুন বলেন, “সঙ্গীত আমার দীর্ঘদিনের সাধনা ও ভালোবাসার জায়গা। প্রবাসের ব্যস্ত জীবনেও ড্রামের ছন্দে শ্রোতাদের আনন্দ দিতে পারাটাই সবচেয়ে বড় সার্থকতা।”
তিনি আরও বলেন, এ ধরনের স্বীকৃতি তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে এবং সঙ্গীতের প্রতি দায়বদ্ধতা নতুন করে শক্তিশালী করেছে। সম্মাননার জন্য তিনি আয়োজক সংগঠন, সহশিল্পী এবং উপস্থিত দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি সাংস্কৃতিক অঙ্গনে ডি. কিউ. মিথুনের এ অর্জনকে তাঁর সঙ্গীতচর্চার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে প্রবাসের মঞ্চে বাংলাদেশি যন্ত্রশিল্পীদের কাজ ও প্রতিভাকে আরও সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এ ধরনের সম্মাননা অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন তারা।
