ক্রীড়া প্রতিবেদক: গ্যারি কার্স্টেন ক্রিকেট একাডেমির ‘ক্রিকেট কোচিং লেভেল-২’ কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশি ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। এই কোর্সে অংশ নেওয়ার ক্ষেত্রে ক্রিকেটার সাকিব আল হাসানের সহযোগিতা ও উৎসাহের কথা জানিয়েছেন তিনি।
বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাজমুল ইসলাম অপু তার কোর্স সম্পন্ন করার বিষয়টি জানান।
পোস্টে তিনি বলেন, গ্যারি কার্স্টেন ক্রিকেট একাডেমির এই কোর্সে অংশ নেওয়ার পেছনে সাকিব আল হাসানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর রাখেন এবং ক্রিকেট-সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত থাকতে চান।
নাজমুল অপু জানান, সাকিবই তাকে গ্যারি কার্স্টেন ক্রিকেট একাডেমির কোর্সটির লিংক দিয়েছিলেন। শুধু লিংক দেওয়াই নয়, লেভেল-২ কোচিং কোর্সটি করার জন্য সাকিব তাকে জোর দিয়ে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছিলেন।
সাকিবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাজমুল অপু বলেন, তার সহযোগিতা ও সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না।
কোর্সটি সম্পন্ন করার পর ভবিষ্যতে অর্জিত নতুন অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের ক্রিকেটের পাশাপাশি নতুন পরিমণ্ডলেও বড় পরিসরে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন নাজমুল অপু।
