নিজস্ব প্রতিবেদক, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও ‘আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি’র পরিচালক মো. আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার (৪ আগস্ট, ২০২৬) রাতে জামালপুর সদর উপজেলার বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃত আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় গ্রাহকদের শত শত কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি মাদারগঞ্জ থানার একটি দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। এছাড়া তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণাসহ মোট সাতটি মামলা রয়েছে।
ঘটনার বিবরণী ও স্থানীয় সূত্র জানায়, জামায়াত নেতা ওয়াহেদ ধর্মীয় পরিচয় ও সমবায় সমিতির সাইনবোর্ড ব্যবহার করে উপজেলার হাজার হাজার সাধারণ ও নিম্নবিত্ত মানুষের কাছ থেকে অধিক মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে বিপুল পরিমাণ আমানত সংগ্রহ করেন। পরবর্তীতে গচ্ছিত টাকার পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকায় পৌঁছালে সমিতির পরিচালকরা রাতারাতি কার্যালয় গুটিয়ে রেখে আত্মগোপনে চলে যান। সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া ভুক্তভোগী গ্রাহকরা বাধ্য হয়ে পরবর্তীতে আদালতের বারান্দায় এবং থানায় একাধিক মামলা দায়ের করেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় নিশ্চিত করেছেন যে, র্যাব কর্তৃক হস্তান্তরের পর অভিযুক্ত জামায়াত নেতাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ধার্মিকতা ও রাজনীতির পোশাক গায়ে চড়িয়ে জামায়াত নেতার এমন নজিরবিহীন দুর্নীতি ও সাধারণ মানুষের অর্থ লুটের ঘটনায় জামালপুরজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা অবিলম্বে তাদের কষ্টে অর্জিত অর্থ ফেরত পেতে এবং প্রতারক চক্রের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
