নিজস্ব প্রতিনিধিঃ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মশাল মিছিল করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে গণভবনের সামনে আওরঙ্গজেব রোডে হওয়া মিছিলের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে। ঢাকা–১৩ এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এতে অংশ নেন।
এর আগে বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন আওয়ামী লীগকে বাদ রেখেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করে। নির্বাচন ও গণভোট দুটিই হবে ১২ ফেব্রুয়ারি।
তফসিল ঘোষণার কিছুক্ষণ পরই ঢাকায় মশাল মিছিলের খবর আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে রাস্তায় নামে। তাদের স্লোগানে শোনা যায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু, অবৈধ সরকারের তফসিল মানি না মানবো না, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।
মিছিলের সামনে ও পেছনে মোটরসাইকেল থেকেও স্লোগান চলছিল বলে জানিয়েছেন তারা।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিনকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর জানিয়েছে, খুব অল্প সময়ের জন্য একটি মশাল মিছিল হয়েছে বলে তারা তথ্য পেয়েছেন। অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকার বাইরে গাজীপুর, বগুড়া, নরসিংদী, শিবপুর, রাজবাড়ী, কুমিল্লা, চাঁদপুর ও গোপালগঞ্জের বিভিন্ন জায়গায়ও আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মশাল মিছিল হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানায়।
