বাংলাদেশ হেফাজত ইসলামের নায়েবে আমির আব্দুল হামীদ সতর্ক করে বলেছেন, আলেম–ওলামাদের গ্রেপ্তার করা হলে ডিসি ও এসপিদের খোলা মাঠে বিচার করা হবে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা হেফাজত ইসলামের আয়োজন করা ‘শানে তাওহীদ’ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
সমাবেশে তিনি ১৭ অক্টোবর ডক্টর ইউনূস সরকার ঘোষিত লালন তিরোদান দিবস বাতিলের দাবি জানান। তাঁর অভিযোগ, দেশে এখন লালনের মূর্তি তৈরি করা হচ্ছে এবং পূজাও করা হয়। তিনি আরও বলেন, বাউলদের ইসলামবিরোধী কার্যকলাপ বন্ধ না হলে ৬৪ জেলায় একযোগে আন্দোলন ও সমাবেশ হবে।
আরও পড়ুন: ফোনে আড়ি পাতা : কার হাতে আসল ক্ষমতা? সরকারের স্পষ্ট বার্তা
মানিকগঞ্জ জেলা হেফাজত ইসলামের সভাপতি মাওলানা সাঈদ নূরের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ সালাহউদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
ঘটনার পটভূমিতে রয়েছে গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকার এক পালাগানের আসর। সেখানে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা বাড়ে। এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে এক গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ।
২১ নভেম্বর তাঁর মুক্তির দাবিতে ভক্ত–অনুরাগীরা মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন। একই সময়ে ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম–ওলামা ও তৌহিদি জনতা’ ব্যানারে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।
