নিজস্ব প্রতিনিধিঃ ফোনে আড়ি পাতার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, সরকারের অনুমোদিত নির্দিষ্ট সংস্থাগুলোই কেবল প্রয়োজনে ফোনে আড়ি পাততে পারে। যাদের এই অনুমোদন নেই, তারা কোনোভাবেই এ ধরনের কার্যক্রম চালাতে পারবে না বলে তিনি নিশ্চিত করেন।
মঙ্গলবার (২রা ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের প্রসঙ্গেও উপদেষ্টার কাছে প্রশ্ন ওঠে। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ সংক্রান্ত প্রতিবেদনের ইতিবাচক ও কার্যকর সুপারিশগুলো সরকার বাস্তবায়ন করবে।
নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তার বিষয়েও তিনি মন্তব্য করেন। তার ভাষায়, নির্বাচনের সময় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। পাশাপাশি বাইরে থেকে কেউ যাতে উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি চলছে।
