ফোরটিন ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ইন্দিরা রোডে অবস্থিত তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের সময় ‘জঙ্গি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত’ সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মসজিদের দ্বিতীয় তলায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে ডিএমপি ও গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে। পুলিশের এক বিশেষ বার্তা সূত্রে জানা গেছে, শিহাব উদ্দিন নামের এক ব্যক্তির নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দলটি মসজিদের দ্বিতীয় তলায় ‘মিট-আপ’ বা গোপন বৈঠকে মিলিত হয়েছিল। খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল পুরো এলাকা ঘেরাও করে ২৩ জনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে পরিস্থিতির সংবেদনশীলতায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে যোগ দেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে সন্দেহভাজন ২৩ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের কোনো নির্দিষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ বা ইতিপূর্বে কোনো অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। বর্তমানে পুরো এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
