দুদিনের সফরে দিল্লিতে পৌঁছে ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, জ্বালানি নিরাপত্তায় রাশিয়া ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হতে চায়। পাশাপাশি ভারত যে তাদের ইতিহাসের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, সেখানে মস্কো সরাসরি সহযোগিতা দিচ্ছে বলেও জানান তিনি।
নরেন্দ্র মোদী ও পুতিনের বৈঠকে ইউক্রেন যুদ্ধও আলোচনার তালিকায় ছিল। তবে আলোচনার আগে অনুমান ছিল যুদ্ধবিমান সরবরাহসহ কয়েকটি সামরিক চুক্তি হতে পারে। শেষ পর্যন্ত দুই পক্ষই বড় কোনো সামরিক ঘোষণা দেয়নি।
শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে আয়োজিত ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে দুই নেতা মুখোমুখি হন। বৈঠকের পর তাদের উপস্থিতিতেই ভারত ও রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয় বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতা নিয়ে একাধিক সমঝোতা স্মারক বিনিময় করে।
এগুলোর মূল ফোকাস ছিল অর্থনৈতিক সম্পর্ক গভীর করা। প্যাকেজের মধ্যে রয়েছে জাহাজ নির্মাণ, মেরু অঞ্চলের সমুদ্রপথে কাজ করার জন্য ভারতীয় নাবিকদের প্রশিক্ষণ, নতুন বাণিজ্য রুট তৈরিতে বিনিয়োগ এবং বেসামরিক পারমাণবিক সহযোগিতা।
