যুক্তরাষ্ট্র আরও ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৫টায় একটি বিশেষ সামরিক ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে ব্র্যাক ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা এবং পরিবহনের ব্যবস্থা করে।
এর আগে ৮ জুন একটি চার্টার্ড ফ্লাইটে ৪২ জন এবং মার্চ থেকে এপ্রিলের মধ্যে কয়েকটি ফ্লাইটে অন্তত ৩৪ জনকে ফেরত পাঠানো হয়। ২০২৪ সালের শুরু থেকে এই বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০ ছাড়িয়েছে।
তবে আগের অনেক ফেরত প্রত্যাশীকে হাতকড়া ও পায়ে শেকল বেঁধে পাঠানো হলেও শুক্রবার আসা ৩৯ জনের ক্ষেত্রে তা করা হয়নি বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২৬ জনই নোয়াখালীর। এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের দুজন করে। চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ এবং নরসিংদীর একজন করে আছেন।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, ফিরিয়ে আনা ৩৯ জনের মধ্যে অন্তত ৩৪ জন বিএমইটির ছাড়পত্র নিয়ে ব্রাজিল গিয়েছিলেন। সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করেন। বাকিদের মধ্যে দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে প্রবেশ করেন।
পরবর্তীতে তারা যুক্তরাষ্ট্রে বসবাসের আবেদন করলেও আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
