পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।
রায় ঘোষণার আগেই জয় এই মামলাকে সাজানো বলে দাবি করেন। তার ভাষায়, এই পুরো মামলার উদ্দেশ্য হচ্ছে তাদের নির্বাচন থেকে দূরে রাখা। তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা সাজানো হয়েছে যাতে আমরা নির্বাচন না করতে পারি। এটাই মূল উদ্দেশ্য।”
জমি বরাদ্দ সংক্রান্ত অভিযোগের জবাবে জয় বলেন, তার কোনো ব্যক্তিগত জমি নেই। তার কাছে যে জমি আছে তা তার বাবার পৈত্রিক সম্পত্তি। তিনি জানান, তার খালাতো ভাইবোনদেরও বাংলাদেশে কোনো ব্যক্তিগত জমি নেই, শুধুমাত্র পৈত্রিক সম্পদই রয়েছে।
জয় বলেন, “আমাদের পাঁচ ভাইবোনের মধ্যে পৈত্রিক সম্পত্তি ছাড়া বাংলাদেশে আর কোনো জমি নেই। এই একটি জমি আমরা প্রথমবার নিজেদের অর্থায়নে কিনেছি। আইন খুব পরিষ্কার যে যার জমি নেই সে কিনতে পারে।”
তিনি আরও বলেন, “আপনারা খুঁজে দেখেন আমাদের বা আমাদের খালাতো ভাইবোনদের কোনো বাড়ি বা জমি আছে কি না। আমাদের কোনো বাড়ি বা জমি নেই।”
