যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করার পরিকল্পনা করছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ২৮ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমের দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, বর্তমান অভিবাসন নীতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতি এবং জীবনমানকে ক্ষতিগ্রস্ত করছে। তার মতে, দেশকে পুনরুদ্ধার করতে হলে অনেক কঠোর পদক্ষেপ নিতে হবে।
ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসনের সময় অনুমোদিত লাখো অভিবাসন অনুমতি বাতিল করা হবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের জন্য যারা প্রয়োজনীয় নয় বা দেশটিকে ভালোবাসে না, তাদের সবাইকে অপসারণ করা হবে। একই পোস্টে তিনি জানান, অভিবাসীদের জন্য সব ধরনের সরকারি সুবিধা ও ভর্তুকি বন্ধ করা হবে। তিনি এমনকি ‘ঘরোয়া শান্তি নষ্টকারী’ নাগরিকদের নাগরিকত্বও বাতিল করার কথা বলেন।
হোয়াইট হাউসের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর বন্দুকধারীর হামলার পরদিন এই ঘোষণা আসে। ট্রাম্প দাবি করেন, ঘটনাটি বাইডেন আমলের ভুল ভেটিং প্রক্রিয়ার পরিণতি।
থ্যাঙ্কসগিভিং ডের শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প আরও লেখেন, যারা ঘৃণা করে, চুরি করে, হত্যা করে বা আমেরিকার মূল্যবোধ ধ্বংস করে তারা যুক্তরাষ্ট্রে বেশি দিন থাকতে পারবে না।
