পরপর দুইদিন ভূমিকম্প অনুভূত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ আবাসিক হলগুলোর নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে ১৫ দিনের জন্য সব ধরনের শিক্ষাক্রম বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ রোববার বিকেল ৫টার মধ্যে সব আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক ভূমিকম্প ও আফটারশকে শিক্ষার্থীদের ওপর সৃষ্ট শারীরিক-মানসিক আঘাত এবং ভবনগুলোর সম্ভাব্য ঝুঁকির বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করেছে। সার্বিক নিরাপত্তার জন্য আবাসিক হলগুলো পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।
বুয়েটের বিশেষজ্ঞ দল, ঢাবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করে দেখা গেছে পুঙ্খানুপুঙ্খ ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কারের আগে শিক্ষার্থীদের হলগুলোতে রাখা নিরাপদ নয়।
এই কারণে জরুরি ভিত্তিতে সব আবাসিক হল খালি করতে এবং প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে এই বন্ধের সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে সচল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
