ফোরটিন ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের সাবেক নেতা ও পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে পুলিশ। এ সময় কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান করে বিক্ষোভ করেন। পরে মিরুকে গ্রেফতার না করেই ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশের দল।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
হালিমুল হক মিরু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া শাহজাদপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলাও রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মিরুকে গ্রেফতারের উদ্দেশ্যে শাহজাদপুর থানা-পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। ওই সময় তিনি বাড়িতেই ছিলেন। তবে পুলিশের উপস্থিতির খবর এলাকায় ছড়িয়ে পড়লে কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে সড়কে জড়ো হন। তারা মিরুকে গ্রেফতারে বাধা দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। একপর্যায়ে তাকে আটক না করেই ফিরে যায় পুলিশ।
স্থানীয়দের দাবি, এলাকায় হালিমুল হক মিরুর জনপ্রিয়তা রয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হন। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও মিরু কোনো সহিংসতা বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী রাস্তায় নেমে আসেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মিরুকে গ্রেফতার করতে পুলিশ তার বাড়িতে গিয়েছিল। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে সতর্ক করেন। পরে তিনি সেখান থেকে পালিয়ে যান। পুলিশের পথে বাধা দিতে গ্রামের কিছু মানুষ জড়ো হয়েছিলেন এবং তাদের সামনে নারীদের রাখা হয়েছিল।
মিরুকে গ্রেফতারের পর ছেড়ে দিতে বাধ্য হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, পুলিশের উপস্থিতির খবর পেয়েই তিনি পালিয়ে যান। তাকে গ্রেফতার করা সম্ভব হলে যেভাবেই হোক থানায় নিয়ে আসা হতো। গ্রেফতারের পর ছেড়ে দেওয়ার বিষয়টি সঠিক নয়।
অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাফিজুর রহমান বলেন, মিরুকে গ্রেফতারের জন্য পুলিশ সেখানে গিয়েছিল। কিন্তু তাকে পাওয়া যায়নি। কিছু লোক সেখানে জড়ো হয়েছিলেন। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং পুলিশের সঙ্গে কারও কোনো ঝামেলাও হয়নি।
