নিজস্ব প্রতিবেদক, গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে জারা ও এইচঅ্যান্ডএমসহ বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। এই ক্রয়াদেশের বেশির ভাগই চলে গেছে প্রতিবেশী দেশ ভারতে।
শ্রম অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের ফলে প্রতিযোগিতা সক্ষমতা কমে যাওয়ায় নভেম্বরের প্রথমার্ধে জারা ও এইচঅ্যান্ডএমসহ বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় এক-দশমাংশ এশিয়ার অন্যান্য উৎপাদন কেন্দ্রে সরিয়ে নিয়েছে। তিনটি তৈরি পোশাক কারখানার মালিক এ তথ্য জানিয়েছেন।
কারখানা মালিকেরা জানান, গত ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। এই ক্রয়াদেশের বেশির ভাগই চলে গেছে প্রতিবেশী দেশ ভারতে।
ক্রয়াদেশ স্থানান্তরের এই প্রবণতা বাংলাদেশের অর্থনীতির প্রধান স্তম্ভ তৈরি পোশাক শিল্পের জন্য একটি বড় ধরনের ধাক্কা, যা চলমান অস্থিরতার পরও অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শিল্প খাতের নেতারা বলেছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানিসংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তা বাংলাদেশের স্বল্প ব্যয়ে উৎপাদনের সুবিধাটি দুর্বল করে দিয়েছে। এই সুবিধার ওপর ভর করেই বাংলাদেশ চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো পণ্য সংগ্রহের উৎস (সোর্সিং) বহুমুখীকরণের দিকে ঝুঁকছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্যমতে, সাম্প্রতিক বিক্ষোভের কারণে এ খাতে ৪০ কোটি ডলারের বেশি উৎপাদন ক্ষতি হয়েছে। উল্লেখ্য, দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতের প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান এই পোশাকশিল্প থেকেই আসে।
লাভবান হচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও
শিল্প খাতের নেতারা জানান, ক্রয়াদেশ সরে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে আবির্ভূত হয়েছে ভারত। পাশাপাশি সরবরাহ চেইনের ঝুঁকি কমাতে এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের নিশ্চয়তা বাড়াতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন।
বুধবার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়ার পর এই চাপ আরও তীব্র হয়েছে। যদিও চার দশকের মধ্যে মজুরি বৃদ্ধির হার এটিই সর্বনিম্ন।
শ্রমিকেরা মজুরি দ্বিগুণেরও বেশি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। ঘোষিত মজুরি তাদের সেই দাবির তুলনায় অনেক কম হওয়ায় পুলিশের সঙ্গে নতুন করে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আবদুর রহমান তরফদার এই মজুরি বৃদ্ধিকে ‘সন্তোষজনক’ বলে অভিহিত করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে শনিবার থেকে সব পোশাকশ্রমিক কাজে ফিরবেন।
শ্রমিক সংগঠনগুলোর দাবি, বৈশ্বিক পোশাকশিল্পের মানদণ্ডে এই মজুরি এখনো অনেক কম। তা সত্ত্বেও শিল্প খাতের নেতারা মনে করছেন, এই বৃদ্ধির ফলে ভারতের তুলনায় বাংলাদেশের শ্রমব্যয়ের যে সুবিধা ছিল, তা সংকুচিত হয়ে আসবে।
আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে ওই কারখানা মালিকেরা জানান, চলমান অস্থিরতার কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেন্সার (এমঅ্যান্ডএস), সেলিওসহ অন্যান্য বৈশ্বিক ব্র্যান্ড ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। এর বড় অংশই পেয়েছে ভারত।
এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রশ্নের জবাবে জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স কোনো মন্তব্য করতে রাজি হয়নি। অন্যদিকে এমঅ্যান্ডএস, এইচঅ্যান্ডএম ও সেলিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।