নিজস্ব প্রতিবেদক: ‘জুলাইয়ের নামে ভাস্কর্য বৈধতা পেলে মুজিবের মূর্তি ভাঙা’ নিয়ে ইসলামী সংগীত গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন মো. রিয়াজুল ইসলাম। রাজধানীর ডেমরার দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার এই আলিম শিক্ষার্থীকে পরে ছাত্রলীগের নেতা হিসেবে চিহ্নিত করে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে।
পরিবার ও সহপাঠীদের দাবি, রিয়াজুল কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন। তিনি মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি ইসলামী সংগীত ও গজল পরিবেশন করেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনার পতন নিয়েও গান গেয়েছিলেন তিনি। তবে পুলিশের মামলার নথিতে তাকে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সহসম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত ১৮ নভেম্বর রাজধানীর গুলিস্তান পার্কসংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে রিয়াজুলকে আটক করা হয়। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অথচ পুলিশের দেওয়া ছাত্রলীগের ওই পদে তার নাম ২০২২ সালের সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সর্বশেষ কমিটিতেও পাওয়া যায়নি। রিয়াজুল এখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতাও অর্জন করেননি।
রিয়াজুলের বড় ভাই আব্দুর রহমান সিরাজী জানান, গত ১৮ নভেম্বর সকালে এক সহপাঠীকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যান রিয়াজুল। চিকিৎসা শেষে ফেরার পথে তারা রমনা পার্কে কিছু সময় অবস্থান করেন। সেখানে ছবি তোলেন এবং একটি গজলের ভিডিও ধারণ করেন।
দুপুরের দিকে বাসে করে বাড়ি ফেরার সময় গুলিস্তান পার্কসংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে বাস থামিয়ে তাদের নামানো হয়। পরে পুলিশ বক্সে নিয়ে মোবাইল ফোন তল্লাশি করা হয়। পরিবারের অভিযোগ, ফোনে রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো তথ্য না পেলেও ফেসবুকে সংরক্ষিত ‘শেখ হাসিনা পালাইছে’ শিরোনামের গান ও ইসলামী গজল শুনে তাদের আটকে রাখা হয়।
পরে বিকেলে তাদের পল্টন মডেল থানায় নেওয়া হয়। সেখানে রিয়াজুলের সহপাঠীকে ছেড়ে দেওয়া হলেও তাকে আটক রাখা হয়।
পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো
পুলিশের মামলার এজাহারে বলা হয়েছে, রিয়াজুল ও তার সহযোগীরা গত বছরের নভেম্বরে গুলিস্তান জিরো পয়েন্টের পাশের রাস্তায় সমবেত হয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছিলেন। দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট, জননিরাপত্তা বিঘ্নিত এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
এজাহারে দাবি করা হয়েছে, গত ১৮ নভেম্বর রাতে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি রাষ্ট্রবিরোধী স্লোগান ও বেআইনি সমাবেশ আয়োজনের পাশাপাশি বড় ধরনের অঘটন ঘটানোর পরিকল্পনায় যুক্ত ছিলেন।
তবে পরিবারের বক্তব্য, ওই দিন দুপুরে গুলিস্তান পার্কসংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে বাস থেকে নামিয়ে রিয়াজুলকে আটক করা হয়। পরে এক বছর আগের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
রিয়াজুলের আটকের খবর পেয়ে মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও স্বজনেরা পল্টন থানায় যান। তারা পুলিশকে জানান, রিয়াজুল শৈশব থেকেই মাদ্রাসায় পড়াশোনা করছেন। তাদের পরিবার ছারছীনা দরবারপন্থি এবং রিয়াজুলের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। শিক্ষকদের অনুরোধ সত্ত্বেও তাকে ছেড়ে দেওয়া হয়নি।
আব্দুর রহমান সিরাজী বলেন, ‘আমার ছোট ভাই ছোট থেকেই মাদ্রাসায় পড়াশোনা করে ও গজল গাইতে ভালোবাসে। আমাদের পরিবার ছারছীনা দরবারপন্থি এবং কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। ১৮ বছর পূর্ণ না হওয়া একজন মাদ্রাসাছাত্রকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা বানিয়ে মামলায় জেলে পাঠানো সম্পূর্ণ অন্যায় ও ভিত্তিহীন।’
রিয়াজুলের সহপাঠীদের দাবি, তিনি কখনো ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। বরং জুলাই গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনার পতন নিয়ে গান তৈরি ও পরিবেশন করেছিলেন। সাম্প্রতিক সময়ে ইসলামী সংগীতের মাধ্যমে ভাস্কর্য ও রাজনৈতিক প্রতীক নিয়ে প্রশ্ন তোলার বিষয়টিও তাকে আলোচনায় এনেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার এক শিক্ষক বলেন, ‘আমরা বারবার বলেছি, তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তাকে ছেড়ে দেওয়ার অনুরোধও জানিয়েছি। কিন্তু তাকে ছাড়া হয়নি। এমন একটি মামলায় চালান দেবে, তা ধারণাও করিনি।’
ছাত্রলীগের কমিটিতে নেই নাম
পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্টে রিয়াজুলকে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সহসম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০২২ সালের সর্বশেষ কমিটিতে এ নামের কাউকে পাওয়া যায়নি।
ওই কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে রওনক আহমেদ এবং উপধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দিগন্ত দে অক্ষয়, রিপন বড়ুয়া রিক, মাহমুদ বিল্লাহ ও মোহাম্মদ ইয়াসিন আরাফাত জয়ের নাম রয়েছে।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছে মাদ্রাসাটির ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ডিএসকেএম।
সংগঠনটির বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারের সময় রিয়াজুল মাদ্রাসার পোশাকে ছিলেন। নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয় ও সংগীতশিল্পী হিসেবে প্রমাণাদি উপস্থাপন করার পরও পুলিশ যথাযথ যাচাই-বাছাই ছাড়াই তাকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রলীগের সহধর্মবিষয়ক সম্পাদক হিসেবে এজাহারে উল্লেখ করেছে।
বিবৃতিতে রিয়াজুলের অবিলম্বে মুক্তি, নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
পুলিশের বক্তব্য
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মো. নাজমুল ইসলাম বলেন, পুলিশ সরাসরি রিয়াজুলকে আটক করেনি। গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা চার-পাঁচজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।
তিনি বলেন, থানায় আনার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে আটক ব্যক্তিদের মোবাইল ফোন, স্থানীয় থানা ও বাড়ির ঠিকানা যাচাই করা হয়। রিয়াজুল মাদ্রাসাছাত্র হলেও ওই স্থানে তার উপস্থিতি এবং মোবাইলে রাজনৈতিক তথ্য পাওয়ার পর যাচাই-বাছাই করা হয়। ওই সময় মাদ্রাসার শিক্ষকরাও থানায় এসেছিলেন।
নাজমুল ইসলাম বলেন, ‘সার্বিক তথ্য পর্যালোচনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিশ্চিত হওয়া যায় যে, তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিইনি। রাজনৈতিক মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই রিয়াজুলকে রাজনৈতিক মামলায় ছাত্রলীগের কর্মী দেখিয়ে আদালতে পাঠিয়েছি।’
এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন অর রশীদ বলেন, পুলিশের সাধারণ নির্দেশনা অনুযায়ী, কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার আগে বিষয়গুলো ভালোভাবে যাচাই-বাছাই করতে হয়। কেবল ছাত্রলীগ করলেই হবে না, কোনো ব্যক্তি সক্রিয়ভাবে অপরাধে জড়িত থাকলেই তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, ‘যদি এ ধরনের কোনো অসংগতি হয়ে থাকে, তাহলে আমরা ব্যবস্থা নেব।’
Previous Articleময়মনসিংহ সীমান্ত দিয়ে আসার পরিকল্পনা শেখ হাসিনার
