নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তান সফর করছেন। সেখানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।
পাকিস্তান সফরে গিয়ে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে অদ্ভুত দাবি করলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ভারতের থাকার ভূমিকা অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেনি দিল্লি, দিল্লি কাজ করেছে পাকিস্তানকে দুর্বল করার জন্য।
যদিও ইতিহাস বলছে, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারত। পাকিস্তানি সেনাবাহিনীর দমন-পীড়ন ও গণহত্যার জেরে পূর্ব পাকিস্তান থেকে বিপুল সংখ্যক মানুষ ভারতে আশ্রয় নিতে শুরু করেন। সেই সময় প্রায় এক কোটি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিলেন বলে বিভিন্ন ঐতিহাসিক নথিতে উল্লেখ রয়েছে। শরণার্থীদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করতে ভারতকে ব্যাপক চাপের মুখে পড়তে হয়।
শরণার্থীদের আশ্রয় দেওয়ার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র ও অন্যান্য সহায়তাও দিয়েছিল ভারত। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কূটনৈতিক সমর্থন আদায়ের চেষ্টা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বিভিন্ন দেশে সফর করে পাকিস্তানের সামরিক অভিযানের পরিস্থিতি তুলে ধরেন তিনি।
১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাকিস্তানের বিমান হামলার পর ভারত সরাসরি যুদ্ধে যোগ দেয়। ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনীর যৌথ অভিযান দ্রুত অগ্রসর হয়। ১৬ ডিসেম্বর ঢাকায় পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথ চূড়ান্ত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সামরিক, কূটনৈতিক ও মানবিক সহায়তা তাই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তবে গত দেড়-দুই বছর ধরে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক মসৃণ করার তৎপরতা দেখা যাচ্ছে ঢাকার। ইসলামাবাদে গিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠক সেরেছেন স্পিকার। এই সফরের সময়ে ইসলামাবাদের পার্লামেন্টও ঘুরে দেখেন তিনি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাত্তরের যুদ্ধ সংক্রান্ত বিষয়েও মন্তব্য করেন। বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, ওই সময়েই ভারতের বিরুদ্ধে মুখ খোলেন তিনি। হাফিজউদ্দিন বলেন, “১৯৭১ সালে ভারত বাঙালিদের (বাংলাদেশকে) সাহায্য করেনি। বরং, পাকিস্তানকে দুর্বল করে দিয়েছিল।”
বর্তমান কূটনৈতিক সমীকরণের নিরিখে বাংলাদেশি স্পিকারের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরতে চান। তবে তাঁকে পাসপোর্ট দিতে রাজি নয় বাংলাদেশ। তারা চায়, প্রত্যর্পণ করা হোক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। অন্য দিকে, ভারতও জানিয়ে দিয়েছে, কেউ স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাওয়া এবং কাউকে প্রত্যর্পণ করা সম্পূর্ণ আলাদা দু’টি বিষয়।
বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সফরে গিয়ে হাসিনা প্রসঙ্গেও মুখ খোলেন স্পিকার হাফিজ উদ্দিন। ইসলামাবাদ থেকে তাঁর দাবি, ভারত হাসিনাকে প্রত্যর্পণ না-করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ। “শুধু নিজের কর্মীদের উজ্জীবিত করতেই শেখ হাসিনা ফিরে আসার ঘোষণা করেছেন। আগামী ১০ বছরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন না,” বলেন বাংলাদেশের স্পিকার।
Previous Articleগোপালগঞ্জে বিকাশ-নগদের কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে গ্রাহকেরা
