ফোরটিন ডেস্ক : দেশের বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধিতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। লিটারে তিন টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৮ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন এই দাম ২০২২ সালে নির্ধারিত সর্বোচ্চ দরের রেকর্ড ছাড়িয়ে গেছে। সে সময় বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ দাম ছিল লিটারপ্রতি ২০৫ টাকা এবং খোলা সয়াবিনের দাম ছিল ১৮৫ টাকা।
চলতি বছরের শুরুতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৫ টাকা। এরপর ২৯ এপ্রিল চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা এবং ২ সেপ্টেম্বর পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়। সর্বশেষ তিন টাকা বৃদ্ধির ফলে চলতি বছরে তিন দফায় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে মোট ১২ টাকা বেড়েছে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে। তবে খোলা পাম অয়েলের দাম আগের মতো লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও সরবরাহ পরিস্থিতি বিবেচনা করেই দাম সমন্বয় করা হয়েছে। ব্যবসায়ীদের দাবি, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বুকিং দর বৃদ্ধি, ডলারের উচ্চমূল্য এবং আসন্ন রমজানে সরবরাহ স্বাভাবিক রাখার প্রয়োজন থেকেই দাম বাড়ানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরা হয়। সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, গত ২ সেপ্টেম্বর সর্বশেষ দাম সমন্বয়ের পর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম অয়েলের দাম বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম বাড়ানো হয়নি। এতে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছিল। আসন্ন রমজানে পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম পুনর্নির্ধারণ প্রয়োজন বলে তারা মত দেন।
তবে বাজার বিশ্লেষকদের একাংশের মতে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ানোর পক্ষে ব্যবসায়ীরা এবার যথেষ্ট যুক্তি তুলে ধরতে পারেননি। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারণে বিশ্ববাজারে ভোজ্যতেলের সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল। ইউক্রেন ও রাশিয়ার রপ্তানি ব্যাহত হওয়ার পাশাপাশি ইন্দোনেশিয়া সাময়িকভাবে পাম অয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক বেড়েছিল।
এদিকে, সরকারের সিদ্ধান্তকে দায়িত্বহীন বলে মন্তব্য করেছেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন। তিনি বলেন, রমজানের আগে দাম বাড়ানোর প্রস্তুতি হিসেবে আমদানিকারকরা সরবরাহ কমিয়ে দিয়েছিলেন বলে তাঁর ধারণা। সরকারকে দাম বাড়াতে বাধ্য করতেই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, গার্মেন্টস শ্রমিকসহ সীমিত আয়ের মানুষ যখন নিত্যপণ্যের উচ্চমূল্যে চাপে রয়েছেন, তখন সয়াবিন তেলের দাম বৃদ্ধি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে।
বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে খোলা সয়াবিন তেল নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে। কারওয়ান বাজারের আব্দুর রব স্টোরের স্বত্বাধিকারী মো. নাঈমের দাবি, ডিলাররা অঘোষিতভাবে খোলা সয়াবিনের দাম বাড়িয়ে দেন। এতে খুচরা ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। তেজকুনিপাড়ার মায়ের দোয়া স্টোরের স্বত্বাধিকারী হেলাল উদ্দিনও জানিয়েছেন, কয়েক দিন আগেই কোম্পানিগুলো তেলের দাম বাড়ানোর কথা জানিয়েছিল এবং এর মধ্যে সরবরাহ কিছুটা কমিয়েছিল।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, এক বছরের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম ১০ শতাংশ এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে খোলা পাম অয়েলের দাম বেড়েছে ১০ শতাংশ।
অন্যদিকে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ৮ লাখ ২৩ হাজার টন ভোজ্যতেল আমদানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৬ দশমিক ৭ শতাংশ বেশি।
