ফোরটিন ডেস্ক : ‘জনতার ক্ষমতায়ন এবং ৮ দফা’ বাস্তবায়নের দাবিতে ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা, বিক্ষোভ মিছিল, মশাল মিছিল এবং ৪৮ ঘণ্টার লকডাউন। দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারা দেশে এই লকডাউন পালিত হবে।
সম্প্রতি প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ জানায়, তাদের ভাষায় দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর নেতৃত্বে ‘দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে’ এবং ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বর্তমান সরকারকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে দলটি অভিযোগ করেছে, সরকারের আমলে দেশে দমন-পীড়ন, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা বেড়েছে। পাশাপাশি শ্রমিক হত্যা, গোপালগঞ্জের সহিংসতা, আওয়ামী লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ এবং রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও তুলে ধরেছে দলটি।
১০ দিনের কর্মসূচিতে যা থাকছে
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি শুরু হচ্ছে ২০ নভেম্বর। ওই দিন সরকারের দমন-পীড়নে নিহত ও আহতদের স্মরণে দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় মিলাদ, দোয়া এবং বিশেষ প্রার্থনাসভার আয়োজনের কথা বলা হয়েছে।
২২ নভেম্বর সাম্প্রতিক শ্রমিক হত্যা, গোপালগঞ্জের ঘটনা, দলীয় নেতৃবৃন্দ ও সাবেক জনপ্রতিনিধিদের বাড়িতে অগ্নিসংযোগ এবং দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে দলটি।
২৩ নভেম্বর পোশাকশ্রমিক, অটোরিকশাচালক ও অন্যান্য শ্রমজীবী মানুষের ন্যায্য প্রাপ্য নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি রয়েছে।
২৪ নভেম্বর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম কমানোর পাশাপাশি এসব পণ্যের সরবরাহ নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।
২৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যদের বিরুদ্ধে ঘোষিত রায় বাতিল, ট্রাইব্যুনাল বাতিল এবং রাজবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করবে দলটি। ২৬ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কর্মসূচি পালন করা হবে।
এরপর ২৭ ও ২৮ নভেম্বর ৮ দফা বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী মশাল মিছিল এবং ২৯ ও ৩০ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার লকডাউন পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
নেতাকর্মীদের প্রতি নির্দেশ
প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সব শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ঘোষিত কর্মসূচি সফল করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ৮ দফা দাবি বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে দলটি।
বিজ্ঞপ্তির শেষাংশে ‘আসুন ঐক্যবদ্ধ হই, লড়াই করি, দেশ বাঁচাই, মানুষ বাঁচাই’ স্লোগান তুলে ধরা হয়েছে।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে আওয়ামী লীগের এই কর্মসূচি ঘোষণার ফলে নভেম্বরের শেষ সপ্তাহে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচি ঘিরে জনজীবন, পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে কী ধরনের প্রভাব পড়ে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
