নিউইয়র্ক প্রতিনিধি: বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে ঘিরে নিউইয়র্কের বিভিন্ন এলাকায় প্রার্থীদের প্রচারণা জমে উঠেছে। তবে প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন দেয়াল, খুঁটি ও জনসমাগমস্থলে যত্রতত্র পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে। এতে নগরীর সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারের ক্ষেত্রে প্রার্থীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন অনেকেই। বিশেষ করে অনুমতি ছাড়া বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানোর কারণে নগরীর পরিচ্ছন্নতা ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন তারা।
তবে এই পোস্টারবাজির মধ্যে ব্যতিক্রম হিসেবে আলোচনায় এসেছেন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে রাব্বী সৈয়দ। তার প্রচারণায় যত্রতত্র পোস্টার লাগিয়ে পরিবেশ নষ্ট করার প্রবণতা দেখা যায়নি। বরং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে আধুনিক ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসে বাংলাদেশের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের বিষয় নয়, এটি পুরো বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তির সঙ্গেও জড়িত। তাই প্রার্থীদের প্রচারণায় দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পরিবেশ সচেতনতার বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত।
রাব্বী সৈয়দের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন কমিউনিটির অনেকেই। তাদের মতে, নির্বাচনী প্রচারণা হবে মানুষের কাছে পৌঁছানোর মাধ্যম, কিন্তু সেই প্রচারণার কারণে যেন সাধারণ মানুষের ভোগান্তি বা পরিবেশের ক্ষতি না হয়, সেদিকেও প্রার্থীদের নজর রাখা প্রয়োজন।
নির্বাচনী প্রচারণায় রাব্বী সৈয়দের এই ভিন্নধর্মী অবস্থান ভবিষ্যতে অন্য প্রার্থীদেরও পরিবেশবান্ধব ও সুশৃঙ্খল প্রচারণায় উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
