ফোরটিন ডেস্ক : তীব্র ঝড় ও বৈরী আবহাওয়ার কারণে তিউনিসিয়ার তিউনিস-কার্থেজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় চরম বিপাকে পড়ে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। পরপর তিনবার অবতরণের চেষ্টা করেও সফল হতে না পারায় বিমানের যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইস্তাম্বুল থেকে তিউনিসিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটটি বৃহস্পতিবার তিউনিস-কার্থেজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিমানবন্দরের আশপাশে ঝড়ো আবহাওয়া বিরাজ করছিল।
বৈরী আবহাওয়ার কারণে পাইলট একাধিকবার অবতরণের চেষ্টা করলেও বিমানটি রানওয়েতে নামানো সম্ভব হয়নি। একপর্যায়ে তীব্র ঝাঁকুনির মধ্যে বিমানটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেবিনজুড়ে চিৎকার ও কান্নার শব্দ শোনা যায়।
ফ্লাইটের যাত্রী মেরিনা মাইস্কায়া পরে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওই সময়ের একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, তীব্র ঝাঁকুনির সময় যাত্রীরা আতঙ্কে নিজেদের আসন আঁকড়ে ধরে আছেন।
মেরিনা জানান, ইস্তাম্বুল থেকে যাত্রার সময় সবকিছু স্বাভাবিক থাকলেও অবতরণের ঠিক আগে পরিস্থিতি দ্রুত বদলে যায়। তার ভাষ্য অনুযায়ী, জীবনে এমন তীব্র ভয় আগে কখনো অনুভব করেননি তিনি।
পাইলট তিউনিস-কার্থেজ বিমানবন্দরে তিনবার অবতরণের চেষ্টা করেন। তবে প্রতিবারই প্রতিকূল আবহাওয়ার কারণে সফল হওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় বিমানটিকে মূল গন্তব্য থেকে প্রায় ৬০ মাইল দক্ষিণে অবস্থিত এনফিধা-হামামেত আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে নেওয়া হয়।
সেখানে বিমানটি নিরাপদে অবতরণ করে। পরে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেন এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিমানটিকে নিরাপদে বিকল্প বিমানবন্দরে নিয়ে যাওয়ার জন্য পাইলটদের দক্ষতার প্রশংসা করেন।
