ঐতিহাসিক ভুল নাকি চেতনার ‘ইউ-টার্ন’? উর্দুকে পাকিস্তানের ‘একমাত্র রাষ্ট্রভাষা’ হিসেবে ঘোষণা দিয়ে ৫২-এর রক্তঝরা ভাষা আন্দোলনের বীজ রোপণ করে যাওয়া মোহাম্মদ আলী জিন্নাহকে ‘শ্রদ্ধা ও ভালোবাসায়’ স্মরণ করেছে ইনকিলাব মঞ্চ! শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকীতে এমন ভক্তিঘন পোস্ট দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের চোখ কপালে ওঠার জোগাড়।
যে জিন্নাহর ‘উর্দু এবং শুধুই উর্দু’ ঘোষণার বিরুদ্ধে ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বাররা—সেই জিন্নাহকেই নাকি এখন বাংলা ভাষার মাটিতে বসে ‘গভীর ভালোবাসা’ পাঠানো হচ্ছে!
মঞ্চের এমন মহতী ‘প্রেমবার্তা’র পর নেটিজেনরা ব্যঙ্গ করে বলছেন, ‘মঞ্চের নাম তো ইনকিলাব, কিন্তু কাজের বেলায় কি তবে ব্যাকওয়ার্ড গিয়ার?’ অনেকে রসিকতা করে প্রশ্ন তুলছেন, “বাংলা ভাষার শত্রুকে ‘ভালোবাসা’ জানানোর এই নতুন ফর্মুলাটি কোন অভিধানে লেখা আছে?” শহীদ শরীফ ওসমান হাদির প্রতিষ্ঠিত এই সংগঠনের ঐতিহাসিক জ্ঞান দেখে কেউ কেউ মন্তব্য করেছেন, “পরের ধাপে কি তবে বাহান্নর ভাষা আন্দোলনকেও ভুল প্রমাণিত করার ইশতেহার আসবে?”
বায়ান্নর রাষ্ট্রভাষা আন্দোলনের সূতিকাগারে দাঁড়িয়ে পাকিস্তানের গভর্নর জেনারেলকে দেওয়া এই কালজয়ী ‘প্রেমপত্র’ এখন ফেসবুকের পাতায় নেটিজেনদের হাসির খোরাক আর তীব্র কটাক্ষের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
