নিজস্ব প্রতিনিধি: দৈনিক সমকালের বরিশাল কার্যালয় থেকে সংবাদপত্রটির সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর কার্যালয়টির ভেতর থেকে দরজা আটকানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচ পাতার সুইসাইড নোট উদ্ধার করেছে। তবে লাশের ঝুলন্ত অবস্থা ও পারিপার্শ্বিক চিত্র দেখে এ মৃত্যুকে ঘিরে নানা সংশয় ও রহস্যের কথা বলছেন সহকর্মী ও সচেতন মহল।
সহকর্মী ও পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের দিকে দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় পুলক চ্যাটার্জিকে। চাকরি হারানোর পর থেকে তিনি চরম হতাশায় ভুগছিলেন। জ্যেষ্ঠ সংবাদকর্মী হিসেবে তিনি মাঝেমধ্যে সমকালের আঞ্চলিক কার্যালয়ে গিয়ে বসতেন ও পত্রিকা পড়তেন।
সমকালের বর্তমান ব্যুরো প্রধান সুমন চৌধুরী জানান, সাবেক ব্যুরো প্রধান হিসেবে চ্যাটার্জির অনুরোধে তাঁকে কার্যালয়ের একটি চাবি দেওয়া হয়েছিল। শুক্রবার বেলা তিনটার দিকে নগরীর শ্রীনাথ চ্যাটার্জী লেনের বাসা থেকে বের হওয়ার পর থেকে পুলক চ্যাটার্জির মুঠোফোন বন্ধ পাচ্ছিল পরিবার। স্বজনদের উদ্বেগের পর সুমন চৌধুরী সন্ধ্যায় কার্যালয়ে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা আটকানো। দরজার ফাঁক দিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ও সহকর্মীদের খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানান, সিআইডি ও পুলিশের প্রাথমিক পর্যালোচনায় বিষয়টিকে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের পর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। উদ্ধার হওয়া সুইসাইড নোটে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি; বাকি চারটি নোট লেখা হয়েছে তাঁর স্ত্রী, ভাই, বর্তমান ব্যুরো প্রধান এবং বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে।
মৃত্যুর চিত্র ঘিরে দানা বাঁধছে প্রশ্ন: এদিকে, পুলক চ্যাটার্জির মৃত্যুর ঘটনাকালের ছবি সামনে আসার পর শুরু হয়েছে তীব্র আলোচনা। ছবিতে দেখা গেছে মৃতদেহের দুই পা মেঝেতে ঠেকে আছে, হাঁটু বাঁকানো এবং শরীর প্রায় দাঁড়ানো অবস্থায় ঝুলছে। সাধারণ ঝুলন্ত লাশের ক্ষেত্রে এমন চিত্র সচরাচর দেখা যায় না বলে বিষয়টি নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করছেন সংবাদকর্মীরা। ঘটনাটি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড কি না—সেই প্রশ্নও উঠছে নানা মহল থেকে।
সাংবাদিক পুলক চ্যাটার্জির এমন করুণ ও রহস্যজনক মৃত্যুতে বরিশালের সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করেছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও প্রেসক্লাব নেতারা।
