নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজদের অন্যায্য দাবি, অনবরত হুমকি ও মানসিক নির্যাতনের তীব্র চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত নিজের দাপ্তরিক কক্ষে বসেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুরের ‘ফুড অফিসার্স যমুনা জুট ইন্ডাস্ট্রিজ’-এর ম্যানেজার শাহজাহান ভূঁইয়া। ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় স্থানীয় বিএনপি কর্মী ওয়ারেস, শামীম ও লিখনের তাণ্ডব ও ক্রমাগত মানসিক নিপীড়নের কারণেই তাঁর এই মর্মান্তিক পরিণতি হয়েছে বলে উঠে এসেছে সিসিটিভি ফুটেজ ও কারখানা কর্তৃপক্ষের অভিযোগে। এই ঘটনায় ভূঞাপুর থানায় সুনির্দিষ্ট চাঁদাবাজির মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সংগৃহীত সিসিটিভি ফুটেজ ও স্থানীয় শ্রমিকদের ভাষ্যমতে, গত ২২ আগস্ট অভিযুক্ত ওই তিন বিএনপি কর্মী কারখানায় বেআইনিভাবে প্রবেশ করে ম্যানেজার শাহজাহান ভূঁইয়ার ঘরে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দলের নাম ভেঙে ও রাস্তা মেরামতের মিথ্যা অজুহাতে তারা এই অর্থ দাবি করছিল। টাকা না দিলে কারখানার যাতায়াতের পথ বন্ধসহ পরিবার নিশ্চিহ্ন করার হুমকি দেওয়া হয়। এমনকি সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের চেয়ার ছুড়ে ভয়ভীতি প্রদর্শনের প্রমাণ মেলে। ২৪ আগস্ট বিকেলে অভিযুক্ত ওয়ারেস আবারও চাঁদা আদায়ে এলে চরম আতঙ্ক ও দুশ্চিন্তায় ঘটনাস্থলেই স্ট্রোক করে মারা যান ম্যানেজার শাহজাহান।
উপজেলার প্রায় ৪০০ শ্রমিকের এই কারখানায় যেখানে মাসে দুই লাখ টাকাও লাভ থাকে না, সেখানে বিএনপির ক্যাডারদের এই তাণ্ডবে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ কর্মচারীরা। নিহতের পরিবার মুখ খুলতে চাইলেও ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলু তাঁদের ওপর চাপ সৃষ্টি করে চুপ করিয়ে রেখেছেন বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, সিসিটিভি ফুটেজে চাঁদা দাবির প্রাথমিক সত্যতা মিলছে, এবং অভিযুক্ত তিন আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
