নিজস্ব প্রতিবেদক,রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের ব্যাগ টানার ঘটনায় রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে রনজিনা পারভীন (৫০) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চোখের চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে তিনি গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে ফার্মগেটের ইসলামীয়া চক্ষু হাসপাতালের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা পেছন থেকে তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়।
এ সময় হ্যাঁচকা টানে তিনি রিকশা থেকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে, এ ঘটনায় পরিবারের সদস্যরা কোনো কথা বলতে রাজি হননি।
ঘটনার বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িত ছিনতাইকারীদের শনাক্ত এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি খুঁজে বের করতে পুলিশি অভিযান চলছে।
Comments
