ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের অন্যতম বৃহৎ ও আমব্রেলা সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও বড় ধরনের সাংগঠনিক ভাঙনের খবর পাওয়া গেছে। গত নির্বাচনে ২১টি পদের সবকটিতে জয়ী হওয়া শক্তিশালী সেলিম-আলী প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন বিদায়ী কমিটির কোষাধ্যক্ষসহ গুরুত্বপূর্ণ ছয় কর্মকর্তা।

প্যানেল ত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন সোসাইটির সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমী, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক মো. এ আখতার বাবুল এবং কার্যকরী সদস্য মো. এ সিদ্দিক। তাঁরা পাঁচজনই ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্যানেলে যোগ দিয়েছেন। অন্যদিকে ক্রীড়া সম্পাদক আশরাফ আলী খান লিটন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আগামী ২৫ অক্টোবর রোববার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে এক মেয়াদ শেষ হওয়ার আগেই ২১-০ ব্যবধানে জয়ী প্যানেলের এভাবে ভেঙে যাওয়াকে ঘিরে প্রবাসী কমিউনিটিতে তীব্র তোলপাড় চলছে।
বিদায়ী সাহিত্য সম্পাদক মো. এ আখতার বাবুল জানিয়েছেন, গত নির্বাচনের সময় প্যানেল থেকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কোনোটিই বাস্তবায়নের মুখ দেখেনি। বিশেষ করে সংগঠনের নিজস্ব ভবন নির্মাণ না হওয়া, তহবিল পরিচালনা ও অর্থনৈতিক হিসাব-নিকাশে স্বচ্ছতার তীব্র ঘাটতিই প্যানেল ছাড়ার প্রধান কারণ। কোষাধ্যক্ষ নিজেই প্যানেল পরিবর্তন করায় সোসাইটির অর্থ ব্যবস্থাপনা নিয়ে ওঠা নানা প্রশ্ন এখন আরও জোরালো রূপ নিয়েছে।
তবে সেলিম-আলী প্যানেলের বর্তমান নেতৃত্ব এসব অভিযোগের মুখেও নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। নতুন সদস্যদের যুক্ত করে পুনর্গঠিত প্যানেল নিয়ে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। নিউইয়র্কের প্রবাসী ভোটাররা মনে করছেন, ২৫ অক্টোবরের এই ভোট কেবল প্যানেল নির্বাচনের লড়াই নয়; এটি বিগত দুই বছরে বর্তমান নেতৃত্বের সাফল্য-ব্যর্থতা এবং নতুন অভিযোগ তোলা নেতাদের জবাবদিহিতা প্রমাণের এক বড় পরীক্ষা।
