নিজস্ব প্রতিবেদক, নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের ২০২৬ সালের নির্বাচন ১৮ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত তারিখ পরিবর্তনের দাবি উঠেছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজার সঙ্গে নির্বাচনের তারিখটি মিলে যাওয়ায় নির্বাচন পেছানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার আবু নাসেরের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
বাংলাদেশ সোসাইটি নির্বাচন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের বরাবর দেওয়া আবেদনে বাংলাদেশ সোসাইটি ইনক. উত্তর আমেরিকার আজীবন সদস্য ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাব্বী সৈয়দ নির্বাচনের তারিখ পরিবর্তনের অনুরোধ জানান।
আবেদনে উল্লেখ করা হয়, আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নির্বাচনের দিন নির্ধারণ করা হয়েছে। একই সময়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার অষ্টমী পালিত হবে। এ কারণে সনাতন ধর্মাবলম্বী অনেক ভোটার ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যস্ত থাকবেন এবং কেউ কেউ উপবাসও করবেন। ফলে একই দিনে বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হলে তাদের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়া কঠিন হয়ে পড়তে পারে বলে আবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আবেদনকারী আরও বলেন, বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্ম ও মতাদর্শের মানুষের কল্যাণে কাজ করে আসছে। তাই নির্বাচনের তারিখ পরিবর্তন করা হলে সব ধর্মের ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সুযোগ তৈরি হবে এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে।
এ কারণে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ সোসাইটির নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে বিনীত আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটি ইনকের ২০২৬-২০২৯ মেয়াদের নির্বাচন আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ আগস্ট মনোনয়নপত্র বিতরণ এবং ৩০ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণার পর পরই শুরু হয় সমালোচনা ও ক্ষোভ প্রকাশ।
এখন দেখার বিষয়, ধর্মীয় উৎসবের বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ পরিবর্তনের এই দাবি কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
Comments
Previous Articleঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
