সুমাইয়া সুলতানা সিনথী, জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের স্নাতকোত্তর (এমএ) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা প্রযোজনা নিয়ে শুরু হতে যাচ্ছে ‘৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব-২০২৬’। আগামী ১২ জুলাই (রবিবার) থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী এই নাট্যযজ্ঞ চলবে আগামী ১৮ জুলাই (শনিবার) পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ‘জিয়া হায়দার থিয়েটার ল্যাব’ (পুরাতন কলা ভবন)-এ প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকগুলো মঞ্চস্থ হবে। এবারের উৎসবে বাংলাদেশ ও ভারতের নাট্যদলের মোট ৭টি বৈচিত্র্যময় প্রযোজনা প্রদর্শনের জন্য চূড়ান্ত করা হয়েছে।
বিভাগীয় সূত্রে জানা গেছে, উৎসবের উদ্বোধনী দিন অর্থাৎ ১২ জুলাই মঞ্চস্থ হবে শাহমান মৈশানের রচনায় এবং সনজিত কুমার দের নির্দেশনায় নাটক ‘ভাষা অথবা প্রেমের রাজনৈতিক বিপর্যয়’ (প্রযোজনা: স্ক্যাপাটে, বাংলাদেশ)। ১৩ জুলাই সোমবার মার্কণ্ডেয় পুরাণের কাহিনী অবলম্বনে নির্মিত নাটক ‘কালিকা’ মঞ্চস্থ হবে, যার নির্দেশনা দিয়েছেন জাফরিন হক তরু। ১৪ জুলাই মঙ্গলবার লি ব্লেসিং-এর রচনায় এবং সামিয়া সুলতানা চারুর নির্দেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘Independence’।
উত্সবের চতুর্থ দিন ১৫ জুলাই বুধবার প্রদর্শিত হবে জাপানি নাট্যকার ইয়াজো ইয়ামামোতোর মূল রচনা ও অধ্যাপক আব্দুস সেলিমের অনুবাদে নাটক ‘একশ বস্তা চাল’, যার নির্দেশনায় রয়েছেন মো. শাহিন আলম। ১৬ জুলাই বৃহস্পতিবার আসাদুজ্জামান নূরের রূপান্তর ও মো. শাকিল আহমেদের নির্দেশনায় মঞ্চস্থ হবে জনপ্রিয় নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’। ১৭ জুলাই শুক্রবার শওকত ওসমানের বিখ্যাত উপন্যাস অবলম্বনে হাবিবা আক্তার পিংকির নির্দেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘ক্রীতদাসের হাসি’।
১৮ জুলাই শনিবার উৎসবের সমাপনী দিনে ভারতের পশ্চিমবঙ্গের আমন্ত্রিত নাট্যদল ‘কাঁকিনাড়া’ মঞ্চস্থ করবে নাটক ‘পঞ্চমীর চাঁদ’। সাদাত হাসান মান্টোর মূল গল্প অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন তুষার রায় এবং নির্দেশনা দিয়েছেন রাজ্জা দে।
শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যবহারিক প্রয়োগ ও আন্তর্জাতিক নাট্যধারার সাথে মেলবন্ধন তৈরির লক্ষ্যে আয়োজিত এই উৎসবের সকল প্রদর্শনী দর্শক ও নাট্যানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে বলে আয়োজক কমিটি নিশ্চিত করেছে।
