নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে ১০ বছর বয়সী এক আবাসিক ছাত্রকে ধর্ষণের অভিযোগে মুরাদ হোসেন নামে এক মাদ্রাসা পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত মুরাদ হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী গ্রামের কাশিফুল উলুম মাদ্রাসার পরিচালক এবং ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় ওই মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। এই ঘটনার পরদিন মঙ্গলবার ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি গত তিন বছর ধরে ওই মাদ্রাসার হেফজ বিভাগে আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করছিল। সোমবার বিকেলে শিশুটির মা তাকে মাদ্রাসায় দেখতে গেলে সে আর সেখানে থাকবে না বলে জানায় এবং কান্নাকাটি করে মায়ের কাছে ধর্ষণের ঘটনাটি খুলে বলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে মাদ্রাসার পরিচালক মুরাদ হোসেন ওই শিশুকে নিজের কক্ষে ডেকে নিয়ে হাত-পা টিপতে বলে। একপর্যায়ে সুযোগ বুঝে সে ছাত্রটিকে জোরপূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে শিশুটির এক আত্মীয় বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজনকে জানান। এলাকার লোকজন সোমবার রাতে মাদ্রাসায় গিয়ে পরিচালককে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের অপরাধ স্বীকার করে। এরপর উত্তেজিত জনতা তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রকে ধর্ষণের মামলায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
