নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছে পুরো দেশ। এই ফুটবল জ্বরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ব্রাজিল সমর্থক এক ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়েছেন। নিজের পুরো বাড়িটি তিনি ব্রাজিলের পতাকা আর প্রিয় খেলোয়াড়দের ছবিতে রাঙিয়ে তুলেছেন।
ব্যতিক্রমী এই কাণ্ডটি ঘটিয়েছেন আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া। ব্রাজিল ফুটবল দলের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি তার নিজের বসতবাড়িকে এমন রূপ দিয়েছেন বলে জানিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, রুবেল মিয়া তার পুরো বাড়ির ভবন ও সীমানা দেয়াল ব্রাজিলের পতাকার রঙের আদলে পেইন্টিং করিয়েছেন। সেই সঙ্গে সীমানা দেয়ালে শোভা পাচ্ছে প্রিয় খেলোয়াড়দের ছবি। তবে ব্রাজিলের পাশাপাশি বাড়ির মূল ভবনে সগৌরবে আঁকা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও।
ব্যতিক্রমী এই বাড়িটি একনজর দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন এলাকার সাধারণ মানুষ ও ফুটবলপ্রেমী দর্শনার্থীরা। শুধু ব্রাজিলের সমর্থকই নন, অন্য দলের সমর্থকরাও রুবেলের এই নান্দনিক উদ্যোগ ও ফুটবলপ্রেমের প্রশংসা করছেন।
নিজের এই কাজের অনুভূতি প্রকাশ করে রুবেল মিয়া জানান, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিলের নান্দনিক ফুটবল খেলা পছন্দ করেন এবং এই দলটিকে মনেপ্রাণে সমর্থন করেন। মূলত সেই ভালোবাসা ও আবেগ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
দীর্ঘ ১৬ দিন ধরে একনাগাড়ে কাজ করার পর বাড়িটির রঙ করার প্রক্রিয়া এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পুরো বাড়িটি ব্রাজিলের পতাকার রঙে সাজাতে এবং খেলোয়াড়দের ছবি আঁকাতে রুবেলের খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা।
