বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে দেশজুড়ে হামে অন্তত ৩০০ শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি এই গণমৃত্যুর জন্য সরাসরি দায়ী করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার ও শাস্তি দাবি করেছে।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, হামের টিকা দান কর্মসূচিতে চরম অবহেলা এবং অব্যবস্থাপনার কারণেই দেশে এই ভয়াবহ জনস্বাস্থ্য সংকট তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, ড. ইউনূসের সরকার নিয়ম বহির্ভূতভাবে টিকা ক্রয় নীতিতে পরিবর্তন আনায় দেশে হামের টিকার কৃত্রিম সংকট তৈরি হয় এবং রোগটি দ্রুত মহামারি আকারে ছড়িয়ে পড়ে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর দাবি অনুযায়ী, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের বারবার সতর্কতা সত্ত্বেও তৎকালীন সরকার তা উপেক্ষা করে উদাসীনতার পরিচয় দিয়েছে। এই অবহেলার কারণে প্রাণ হারানো শিশুদের মৃত্যুর দায় নিয়ে সংশ্লিষ্টদের বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনার জোর দাবি জানানো হয়। একইসাথে, বর্তমান সরকারকে সারা দেশে হামের প্রকোপ মোকাবিলায় ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণা এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ফিল্ড হাসপাতাল স্থাপন করে দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
