নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান রাজনীতিতে তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। ভারতের মুম্বাইয়ে একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইভেন্ট চলাকালে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় থাকলে তিনি একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গেই যুক্ত থাকতে চান। দল পরিবর্তন বা রাজনৈতিক ডিগবাজি দেওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই বলে তিনি সরাসরি জানিয়ে দেন।
সাকিব আল হাসান উল্লেখ করেন যে, জীবনের প্রতিটি পর্যায়ে তিনি যেখানেই যুক্ত হয়েছেন, সেখানেই অনুগত থাকার চেষ্টা করেছেন। আওয়ামী লীগের প্রতি তাঁর আনুগত্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, “আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ, তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিল না।” তিনি আরও যোগ করেন যে, কোনো ছোট দলে নাম লেখালেও তিনি সেটির প্রতি অনুগত থাকেন এবং তাঁর ‘পল্টি’ দেওয়ার অভ্যাস নেই।
বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নানা আলোচনা থাকলেও সাকিব বিশ্বাস করেন যে, কোনো দলকে জোর করে দমিয়ে রাখার চেষ্টা শুভ ফল আনে না। তিনি মনে করেন, রাজনৈতিক এই প্রতিহিংসার চক্র থেকে বেরিয়ে আসতে হলে কোনো এক পক্ষকে গঠনমূলক উদ্যোগ নিতে হবে। একই ভুলের পুনরাবৃত্তি রাজনৈতিক সংস্কৃতিতে কোনো ইতিবাচক পরিবর্তন আনবে না বলে তিনি মন্তব্য করেন।
২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। তবে ৫ আগস্ট সরকার পতনের সময় তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন এবং এরপর আর বাংলাদেশে ফেরেননি। সাকিব মনে করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়া এবং একটি ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি করাই দেশের রাজনীতির জন্য সবচেয়ে কল্যাণকর।
