নিজস্ব প্রতিবেদক
দেশে বড় ধরনের নাশকতার পরিকল্পনা এবং নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে মো. রাকিব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গত শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ঢাকার ধামরাই থানার নান্নার ইউনিয়নের যোড়াকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত রাকিব হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “Ubaida Al Usama” নামে একটি ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে আসছিলেন। এই অ্যাকাউন্টের মাধ্যমে তিনি আইএসের সক্রিয় সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়, জনাকীর্ণ বিনোদনকেন্দ্র এবং শাহবাগ চত্বরসহ গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলা বা সশস্ত্র হামলার পরিকল্পনা করছিলেন।
তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গোয়েন্দা সূত্রে জানা গেছে, মো. রাকিবের সঙ্গে একজন চাকরিরত সেনাসদস্যের ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি সেনাবাহিনী ও ক্যান্টনমেন্ট সম্পর্কিত অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখছেন গোয়েন্দা কর্মকর্তারা।
আটকের পর জিজ্ঞাসাবাদে রাকিব অনেক গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা এবং সিটিটিসি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) বিষয়টি নিয়ে নিবিড়ভাবে তদন্ত করছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত আর কিছু বলা যাচ্ছে না।
জিজ্ঞাসাবাদ শেষে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তার সাথে আর কার কার সম্পৃক্ততা রয়েছে এবং সংগৃহীত তথ্য কোথায় পাঠানো হয়েছে তা নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
