নিউইয়র্কে অনুষ্ঠিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে Jahangirnagar Alumni Association of America (JAAA) আয়োজন করে শিশু-কিশোরদের অংশগ্রহণে আকর্ষণীয় প্রতিযোগিতা। সকাল থেকেই আয়োজক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ নিউ ইয়র্কে বসবাসরত সকল বিশ্ববিদ্যালয় এলামনাই হাজির হন তাদের প্রজন্ম নিয়ে।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) জ্যাকসন হাইটসের ঠিকানা হাবে অনুষ্ঠিত এই আয়োজনে সকাল থেকে বিকেল পর্যন্ত ছিল উৎসবমুখর পরিবেশ। বাংলা সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আয়োজিত শিশু-কিশোরদের প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার বিভাগগুলোর মধ্যে ছিল কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা এবং ‘যেমন খুশি তেমন সাজো’। অংশগ্রহণকারীরা তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক চেতনার পরিচয় দিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ছোট থেকে বড় তিনটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগীরা নজরকাড়া পারফরম্যান্স উপস্থাপন করে। চিত্রাঙ্কন বিভাগে ‘সুরের ক্যানভাস’ থিমে শিশুদের রঙিন কল্পনা ফুটে ওঠে কাগজে। উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণকারীরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করে তাদের বাগ্মিতা ও চিন্তাশক্তির পরিচয় দেয়। এছাড়া ‘যেমন খুশি তেমন সাজো’ পর্বে শিশুদের বৈচিত্র্যময় সাজ সবার দৃষ্টি কেড়ে নেয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় অতিথিরা শিশুদের এমন অংশগ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা ধরে রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও দর্শনার্থীরাও আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলা নববর্ষের এই আয়োজন প্রবাসে বসবাসরত সকল বিশ্ববিদ্যালয় এলামনাইদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে উৎসব, সংস্কৃতি এবং নতুন প্রজন্মের প্রতিভা একসঙ্গে মিশে এক অনন্য আবহ তৈরি করে।
