নিজস্ব প্রতিনিধি
ভুয়া পরিচয়, অবৈধ অবস্থান এবং পরিচয় গোপনের জটিল জাল এসব অভিযোগে ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশি ব্লগার সানিউর রহমান। যিনি ‘সত্যসাধু’ নামে পরিচিত ছিলেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সানিউর রহমান দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ভিন্ন পরিচয়ে ভারতে বসবাস করছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বৈধ ভিসা ছাড়াই দেশে প্রবেশ করে বছর পর বছর অবস্থান করেছেন। ভুয়া নথিপত্র ব্যবহার করে নিজের পরিচয় আড়াল করেছেন।
পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকায় “সত্যানিষ্ঠ আর্য” নামে বসবাস করছিলেন তিনি। এছাড়া পশ্চিমবঙ্গ ও দিল্লিতেও বিভিন্ন সময় অবস্থান করেছেন। একাধিক স্থানে ঘন ঘন অবস্থান পরিবর্তন তার কর্মকাণ্ড নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
শুক্রবার ‘অপারেশন প্রহার’-এর অংশ হিসেবে চালানো অভিযানে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে অসঙ্গতি ধরা পড়লে পুলিশ সন্দেহ করে এবং পরবর্তীতে তিনি নিজের প্রকৃত পরিচয় স্বীকার করেন বলে জানা গেছে।
তার কাছ থেকে একটি মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট, ভুয়া পরিচয়ে নেওয়া ভারতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, এসব নথি ব্যবহার করে তিনি দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়েছেন।
সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, ২০১৩ সালের শাহবাগ আন্দোলন-এ সক্রিয় ব্লগার হিসেবে পরিচিত এই ব্যক্তি পরবর্তীতে দেশত্যাগ করে পরিচয় ও মতাদর্শে নাটকীয় পরিবর্তন আনেন। ভারতে গিয়ে ধর্ম পরিবর্তন এবং নতুন পরিচয়ে আত্মপ্রকাশ—এই পুরো প্রক্রিয়াই এখন প্রশ্নের মুখে।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, শুধুমাত্র অবৈধভাবে বসবাস নয়, পরিচয় গোপনের মাধ্যমে দীর্ঘদিন ভিন্ন সামাজিক ও রাজনৈতিক পরিচয়ে সক্রিয় থাকার বিষয়টিও গভীরভাবে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধি ও ফরেনার্স আইনের আওতায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। পুরো ঘটনাটি এখন নিরাপত্তা ও পরিচয় ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
