নিজস্ব প্রতিনিধি
বাগমারা রাজশাহীর বাগমারায় এক পলাতক যুবলীগ নেতার পুকুরে বিষ দিয়ে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার নূরপুর গ্রামে অবস্থিত ১২ বিঘা আয়তনের ওই পুকুরটিতে বিষ প্রয়োগের পর মরা মাছ লুট করারও অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি-জামায়াত কর্মীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরপুর পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা দীর্ঘদিন ধরে নূরপুর গ্রামে ১২ বিঘার একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সোহেল রানা আত্মগোপনে রয়েছেন। তার অনুপস্থিতিতে পরিবারের সদস্যরা পুকুরটি দেখাশোনা করলেও নিরাপত্তাহীনতার কারণে সেখানে কোনো পাহারাদার রাখা সম্ভব হয়নি। আজ শনিবার সকালে এলাকাবাসী পুকুরে রুই, কাতলা ও মৃগেলসহ কার্প জাতীয় বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠতে দেখেন।
ভুক্তভোগী সোহেল রানা মুঠোফোনে জানান, গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে তার প্রায় ৩০ লাখ টাকার মাছ মারা গেছে। অভিযোগ উঠেছে, মাছ মরে ভেসে ওঠার পর স্থানীয় বিএনপি ও জামায়াতের কিছু কর্মী সংঘবদ্ধ হয়ে সেই মাছগুলো লুট করে নিয়ে যায়। সোহেল রানা বলেন, “৫ আগস্টের পর আমার বেশ কয়েকটি পুকুর দখল হয়ে গেছে। প্রাণের ভয়ে এই পুকুরটিতে পাহারাদার রাখতে পারিনি, সেই সুযোগে এই নাশকতা চালানো হয়েছে।”
আজ বেলা ১১টার দিকে সরেজমিনে নূরপুর গ্রামে গিয়ে দেখা যায়, পুকুরের চারধারে মরা মাছ ভাসছে। কিছু লোকজনকে জাল দিয়ে ও হাত দিয়ে পুকুর থেকে মাছ তুলে নিয়ে যেতে দেখা যায়। স্থানীয়রা জানান, রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে একটি পক্ষ এই ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মাছ নিধনের খবরটি তারা শুনেছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
