চট্টগ্রামের সীতাকুণ্ডে রাজনৈতিক প্রতিহিংসার এক বীভৎস প্রতিফলন ঘটেছে। আত্মগোপনে থাকা মোহাম্মদ শামীম (৩৫) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে সশস্ত্র সন্ত্রাসীরা তুলে নিয়ে গিয়ে পিটিয়ে ও পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করেছে। বুধবার (৮ এপ্রিল) রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্য ভাটেরখিল ও বেড়িবাঁধ এলাকায় এই বর্বরোচিত ঘটনা ঘটে।
নিহত শামীম সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবুল মনসুরের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে প্রাণভয়ে তিনি দীর্ঘ দিন আত্মগোপনে ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শামীম মুরাদপুর ইউনিয়নে তাঁর শ্বশুরবাড়িতে স্ত্রীর সাথে দেখা করতে যান। রাত ৮টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী ওই বাড়িতে হানা দেয়। তারা শামীমকে জোরপূর্বক অপহরণ করে বেড়িবাঁধ তালতলা এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং দুই পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে যায়।
নিহতের ভাই মো. সেলিম কান্নায় ভেঙে পড়ে বলেন, “রাজনৈতিক পরিস্থিতির কারণে আমার ভাই কষ্টে দিন কাটাচ্ছিলেন। তাঁর স্ত্রী কিছু স্বর্ণ বন্ধক রেখে টাকা নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন, শামীমও সেখানে গিয়েছিল। স্থানীয় জাফর ও ইরানের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী দল তাকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে খুন করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।”
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতোমধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাঁদের নাম প্রকাশ করা হয়নি। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
