ঢাকা কোতোয়ালী থানার কাছাকাছি বুড়িগঙ্গা লঞ্চঘাটে অসংখ্য বিকৃত, ক্ষত বিক্ষত লাশ ভাসতে দেখা যায়। রাস্তার দুইপাশের বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয় পাকী সেনারা। সদরঘাট বাস স্টপেজের চারদিকে, কলেজিয়েট হাইস্কুল, জগন্নাথ কলেজ (বর্তমান বিশ্ববিদ্যালয়), সদরঘাট- এসব এলাকা জন-মানবশূন্য হয়ে পড়ে। রাস্তায় পড়ে থাকা লাশগুলোকে কুচি কুচি করে কেটে পাকী সেনারা নগ্ন উল্লাসে মেতে উঠে। এদিন ঠাটারি বাজারের ট্রাফিক ক্রসিংয়ে একটি যুবকের লাশের পেট চিড়ে তার উপর বাঁশের লাঠি খাড়া করে লাঠির মাথায় কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দেয় বিহারীরা।
৭৬ এবং ৭৭নং সামরিক বিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেয়া হয়। এ সামরিক বিধির মাধ্যমে রাজনৈতিক তৎপরতা কঠোরভাবে নিষিদ্ধ এবং সংবাদপত্র ও অন্যান্য প্রচার মাধ্যমগুলোর উপর কঠোর বিধি নিষেধ জারি করা হয়। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ৭ বছরের সশ্রম কারাদ-ের বিধানও সিএমএলএ ইয়াহিয়া স্বাক্ষরিত ঘোষণায় উল্লেখ থাকে।
এদিন পাকী বাহিনী চট্টগ্রামের বিভিন্ন স্থানে হামলা চালায়। আসকার দীঘির নিকট ইস্পাহানি পাহাড়ে আশ্রয় নেয়া নিরীহ জনসাধারণের উপর সার্কিট হাউস পাহাড় থেকে কামানের গোলাবর্ষণ; আর শহরের এখানে সেখানে এসএমজি, এইচএমজি’র ব্যবহার চলতে থাকে।
চট্টগ্রামের মূল কেন্দ্রে পাকী সেনারা দখল প্রতিষ্ঠা করলেও অনেক গুরুত্বপূর্ণ স্থান মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিলো। ২৯ মার্চ পাকী সেনাবাহিনী চট্টগ্রাম আক্রমণকারী সবগুলো দলের সাথে সংযোগ স্থাপন করে মুক্তিযোদ্ধাদের ঘাঁটিগুলোর দিকে নজর দেয়। প্রথমেই তারা জাহাজ আক্রমণ করে মুক্তিযোদ্ধাদের ৯ হাজার টন গোলাবারুদ ছিনিয়ে নেয়। মুক্তিযোদ্ধারা মার্চের মাঝামাঝি থেকে এ জাহাজ দখল করে রেখেছিলেন।
ইরানের ইংরেজি দৈনিক ‘কায়হান ইন্টারন্যাশনাল’ তার উপ-সম্পাদকীয়তে উল্লেখ করে, বাইরের হস্তক্ষেপের ফলে পাকিস্তানে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফারসী দৈনিক ‘আয়ান দিগান’ পাকী প্রেসিডেন্টের গৃহীত ব্যবস্থাকে অভিনন্দন জানায়।
২৯ মার্চ ভোর রাতে রণাঙ্গণে পরিণত হয় কুষ্টিয়া। এদিন সকালে পাকী সেনারা কুষ্টিয়া পুলিশের অস্ত্রাগার দখল করে নেয়। সারাদিন তুমুল লড়াইয়ের পর পাকী সেনাদের ব্যাপক ক্ষতি হলেও কুষ্টিয়া ধ্বংস স্তূপে পরিণত হয়।
(তথ্যসূত্র- উইটনেস টু সারেন্ডার; বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলীলপত্র, ধর্মব্যবসায়ী ঘাতক জামাতীদের মুখপত্র দৈনিক সংগ্রাম, দৈনিক পাকিস্তান, পূর্বদেশ, ৩ এপ্রিল। ১৯৯১ ঈসায়ী)
[পত্রিকাঃ ৩০ মার্চ ১৯৭১ তারিখে কলকাতা হতে প্রকাশিত যুগান্তর পত্রিকার প্রথম পাতা হতে]
