নিজস্ব প্রতিনিধি
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর ভারপ্রাপ্ত সভাপতি আমিনা আহমেদের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর শোক প্রকাশ করেছে। শনিবার (২৮ মার্চ) সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে প্রয়াত নেত্রীর অবদান স্মরণ করে শোক প্রকাশ ও তার পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি সমবেদনা জানান।
নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, প্রয়াত আমিনা আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও প্রগতিশীল আন্দোলনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিলেন। তার সংগ্রামী জীবন ও অসীম ত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা উল্লেখ করেন, আমিনা আহমেদের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সংগ্রামী ও প্রগতিশীল রাজনীতিবিদকে হারালো।
তিনি ষাটের দশক থেকে মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে, দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল ধারার রাজনীতির বিকাশে তার অবদান স্মরণীয়। সিপিবি যখন বেআইনি ঘোষণা করা হয়, প্রতিবারই গোপনভাবে পার্টির কার্যক্রম চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
উল্লেখ্য, আমিনা আহমেদ শনিবার ৯১ বছর বয়সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার চলে যাওয়া দেশের রাজনীতিতে এক শূন্যতা তৈরি করেছে। যা দীর্ঘকাল পূরণ করা সম্ভব হবে না।
