বরিশালের উজিরপুরে চাঁদা না দেওয়ায় এক ড্রেজার ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পরপরই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. রকিবুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় ধামুরা এলাকা থেকে মনির সরদারকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের প্রয়াত হামেদ সরদারের ছেলে এবং উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, বাদী মনিরুল ইসলাম একজন ড্রেজার ব্যবসায়ী। তিনি শোলক ইউনিয়নে বালু ভরাটের চুক্তিতে কাজ করেন। বালু সরবরাহের জন্য পাইপ স্থাপনের পর গত ৪ জানুয়ারি মনির সরদারের নেতৃত্বে কয়েকজন অস্ত্রধারী তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগ অনুযায়ী, পরে মনিরুল ইসলাম তিন দফায় এক লাখ টাকা দেন। বাকি এক লাখ টাকা না দেওয়ায় ১৩ মার্চ দুপুরে দক্ষিণ ধামুরা গ্রামের রাঢ়ী বাড়ির সামনে অভিযুক্তরা উপস্থিত হন। সেখানে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ড্রেজারের মেকানিক আবু বক্কর হাওলাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শুক্রবার রাতে মনির সরদারকে প্রধান আসামি করে দুইজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও আটজনকে আসামি করে মামলা দায়ের করেন ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম।
গ্রেপ্তারের পর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকাণ্ডে জড়িত থাকায় মনির সরদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
