নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার কলেজ শিক্ষার্থী তৌফিক মারা গেছেন। বিএনপির নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয় বলে স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষও তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গাজীপুরের বাংলাবাজারে নোমান টেরিটোরি লিমিটেডের সামনে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের প্রস্তুতি চলছিল। এ সময় সেখানে শত শত শ্রমিক উপস্থিত ছিলেন। একপর্যায়ে এক রিকশাচালক ‘জয় বাংলা’ স্লোগান দিলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনার সময় তৌফিক ওই মারধরের দৃশ্য মুঠোফোনে ধারণ করছিলেন। কেন ভিডিও ধারণ করছেন—এমন প্রশ্ন তুলে বিএনপির নেতাকর্মীরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। তৌফিকের মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়ি গোবিন্দগঞ্জের ছয়ঘরিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তবে হামলার ঘটনায় কারা জড়িত এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
