বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ‘নিষিদ্ধ’ বলে পুলিশের মন্তব্যের প্রতিবাদে শাহবাগ থানার সামনে মাইকে সেই ভাষণ বাজিয়েছেন শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে রাজধানীর চানখাঁরপুল মোড়ে সাউন্ড বক্সে ভাষণ বাজানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীসহ দুজনকে আটক করে পুলিশ। পরে এ ঘটনার প্রতিবাদে বিকেলে শাহবাগ থানার সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা মাইক ব্যবহার করে ৭ মার্চের ভাষণ বাজান।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি। তিনি বলেন, “বঙ্গবন্ধুর ভাষণ এ দেশে নিষিদ্ধ নয়। তিনি আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক। তাকে কেউ চেষ্টা করলেও ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না। আমাদের সরিয়ে দিলেও নতুন প্রজন্ম এই ইতিহাস বহন করে নিয়ে যাবে।”
এর আগে চানখাঁরপুল এলাকায় সাউন্ড বক্সে ৭ মার্চের ভাষণ বাজানোর সময় পুলিশ বাধা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাউন্ড সিস্টেমটি জব্দ করে এবং সংশ্লিষ্ট দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিল, যা নিষিদ্ধ—এমন অভিযোগে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। আটক দুজনের বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
পুলিশের এ বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীদের দাবি, শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ভাষণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ এবং এটি নিষিদ্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না।
