ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী মোড়ে সেলফি পরিবহনের বাস থেকে চাঁদা তুলার অভিযোগে যুবদল নেতা সুব্রত বিশ্বাসকে গ্রেপ্তার করেছে শিবালয় থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে উথুলী এলাকায় ১৫০০ টাকাসহ তাকে আটক করা হয়।
আটককৃত সুব্রত বিশ্বাস উথুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বেলতা গ্রামের মৃত নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে। এ ঘটনায় সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সোমবার সকালে উথুলী-পাটুরিয়া সংযোগ মোড়ে লাইনম্যান মিজানুর রহমানকে দোষারোপ করে যুবদল নেতা সুব্রত বিশ্বাসসহ কয়েকজন তার কাছ থেকে বাস কাউন্টারের প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেন এবং ডিউটি থেকে তাকে তাড়িয়ে দেন। এরপর তারা প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তুলতে থাকেন। বিষয়টি কোম্পানির ম্যানেজারকে জানালে পুলিশকে বিষয়টি জানানো হয় এবং মঙ্গলবার দুপুরে সুব্রতকে গ্রেপ্তার করা হয়।
সেলফি পরিবহন ম্যানেজার মো. সবুর খান বলেন, “সুব্রতকে কাজ না করার জন্য ফোন করা হলেও তিনি লাইনম্যান ও আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় দেড়শতাধিক সেলফি পরিবহনের বাস চলাচল করে এবং তারা প্রতিটি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তুলছিল। বাধ্য হয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।”
উথুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান সরকার টুটুল বলেন, “চাঁদাবাজির বিষয়টি পুলিশের মাধ্যমে জানতে পেরেছি। যুবদল এই কাজকে সমর্থন করে না। সুব্রতের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, “মিজানুর রহমানের মামলা অনুসারে সুব্রতকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।”
