নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের চব্বিশের সরকার পতনের পরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ‘অবরুদ্ধ’ কার্যালয় মুক্ত করার দাবিতে জয় বাংলা স্লোগান দেওয়ায় ৫ সাংবাদিক নেতাকে নিষিদ্ধ করেছে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি।
‘বহিরাগত’ উল্লেখ করা এই ৫ সাংবাদিক হলেন- গোলাম মুজতবা ধ্রুব, সাইফ আলী, সোহেলী চৌধুরী, সাজেদা হক, রহিমা খানম। যদিও তারা প্রেসক্লাব ভবনে অবস্থিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে আছেন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি হাসান হাফিজ, পরে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের ভেতরে ইউনিয়ন অফিসের দরজায় দাঁড়িয়ে স্লোগান প্রদান ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে নিম্নলিখিত পাঁচ বহিরাগতকে ক্লাব প্রাঙ্গণে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
যদিও গোলাম মুজতবা ধ্রুব প্রেসক্লাবের সদস্য ছিলেন কিন্তু তাকে ৫ আগস্টের পরে আওয়ামী লীগ সম্পৃক্ততার অভিযোগে সদস্যপদ বাদ দেওয়া হয়। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগাঠনিক সম্পাদক পদেও আছেন।
এছাড়া সোহেলী চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক, সাজেদা হক কার্যনির্বাহী সদস্য ও সাইফ আলী সাবেক আইন সম্পাদক।
