অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিদেশ থেকে ‘হায়ার’ করে আনা হয়েছিলেন সুদর্শন, উচ্চশিক্ষিত তরুণ আশিক চৌধুরীকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডি) এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে। সবাই আশা করেছিলেন, তিনি খরা কেটে দেশে বিদেশি বিনিয়োগ ভাসিয়ে দেবেন। এপ্রিলে আয়োজিত চারদিনের বিডি২০২৫ সম্মেলনে ৫০টি দেশ থেকে ৪০০+ প্রতিনিধির সামনে তিনি আত্মবিশ্বাসী উপস্থাপনা দেন, ৩১০০ কোটি টাকার প্রস্তাব ঘোষণা করেন। সোশ্যাল মিডিয়ায় ‘আশিক ম্যাজিক’ নিয়ে হইচই পড়ে যায়।
কিন্তু দেড় বছর পর বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের তথ্যে, ২০২৪-২৫ অর্থবছরে নিট এফডিআই ১৬৯ কোটি ডলার বাড়লেও নতুন ইকুইটি ক্যাপিটাল মাত্র ৫৫ কোটি ডলার গত ৫ বছরের সর্বনিম্ন। করোনাকালেও এর চেয়ে বেশি এসেছিল। বিডিতে নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাব ৬৬ হাজার কোটি টাকায় নেমে আসে, আগের বছরের তুলনায় ৫৮% কম। ২০২৩-২৪য়ে দেশি-বিদেশি মিলে ১১১৩টি প্রকল্প নিবন্ধিত হয়, চলতি বছরের ১০ মাসে ৮১৪টিতে নামে।
জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগ ২৩.৫১% থেকে ২২.৪৮%য় নেমে আসে। মূলধনী যন্ত্রপাতি আমদানি ১৯% কম, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ৭% এর নিচে থমকে আছে। শিল্প বন্ধ, কর্মসংস্থান হ্রাস, ব্যাংকগুলোর ইমেজ সংকট। বিদেশি রাষ্ট্রদূতরা বলছেন, নির্বাচিত সরকার ও স্থিতিশীলতা ছাড়া বড় বিনিয়োগ কঠিন। ব্যবসায়ী নেতা আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলছেন, সুদহার ১৫%+, বিদ্যুৎ-জ্বালানি-পরিবহন খরচ চড়া, আমলাতান্ত্রিক জটিলতায় বিদেশি কে আসবে?
সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলছেন, জমি পেলেও বিদ্যুৎ-গ্যাস নেই, সুদহার বেশি, বন্দরে পণ্য ওঠানামা বিলম্ব। বিশ্বব্যাংকের তথ্যে, ২০২৪য়ে বাংলাদেশ ১.৫ বিলিয়ন ডলার এফডিআই পায় যেখানে ভারত ২৭, ইন্দোনেশিয়া ২১, ভিয়েতনাম ২০ বিলিয়ন—এমনকি পাকিস্তানও ছাড়িয়ে গেছে।
আশিক চৌধুরী বলছেন, গণঅভ্যুত্থান পরবর্তী দেশে এফডিআই নেতিবাচক হয়, বাংলাদেশে ৮০% বেড়েছ ‘মিরাকল’। বিদ্যুৎ-ব্যাংকিং-স্বাস্থ্য খাতে চীন-সিঙ্গাপুর থেকে বিনিয়োগ। কিন্তু সমালোচকরা বলছেন, বড় সংস্কার নেই, বন্দর-লজিস্টিকস চুক্তিতে বেশি ফোকাস। পলিসি এক্সচেঞ্জের মাসরুর রিয়াজ বলছেন, উদ্যোগ ছিল কিন্তু পরবর্তী ধাপে নেওয়া হয়নি। দেশি উদ্যোক্তারা যারা হাজার কোটি বিনিয়োগ করতে পারে, তাঁদের আহ্বান করা হয়নি। নিরাপত্তাহীনতা, হামলা-মামলায় সবাই ‘রাজনৈতিক সরকারের’ অপেক্ষায়।
ফলে ‘আশিক ম্যাজিক’ ফাঁপা বেলুন হয়ে শুকিয়ে যাচ্ছে। বিনিয়োগের চাকা ঘোরেনি, দেশের অর্থনীতি চাপে।
