ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়ায় আফ্রিকার দেশ উগান্ডা থেকেও ভোট এসেছে—যা অনেকের কাছেই ছিল অপ্রত্যাশিত।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, উগান্ডায় বসবাসরত বাংলাদেশিদের কাছে মোট ৬১টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪৩ জন ভোট দিয়ে সেই ব্যালট ডাকযোগে দেশে ফেরত পাঠিয়েছেন। প্রবাসী ভোটের সংখ্যার বিচারে এটি নেপাল ও পাকিস্তানের চেয়েও বেশি।
নেপালে পাঠানো ৪৫টি ব্যালটের মধ্যে ফেরত এসেছে ২০টি। পাকিস্তানে পাঠানো ৩১টির মধ্যে ১৯টি ভোট ফেরত এসেছে। তুলনায় উগান্ডা থেকে ৪৩টি ব্যালট ফেরত আসা অনেকের নজর কেড়েছে। ভারতে পাঠানো ৩৫২টি ব্যালটের মধ্যে ২৬৯টি দেশে ফেরত এসেছে।
সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট গেছে সৌদি আরবে—২ লাখ ৩৭ হাজার ৫৬৮টি। সেখান থেকে ভোট দিয়ে ফেরত এসেছে ১ লাখ ৪৯ হাজার ৬৭০টি ব্যালট। মালয়েশিয়ায় পাঠানো ৮৪ হাজার ব্যালটের মধ্যে ৩৯ হাজার ভোট ফেরত এসেছে। কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, বাহরাইন, সিঙ্গাপুর, কানাডা, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াতেও উল্লেখযোগ্য সংখ্যক ব্যালট পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের হিসাব বলছে, মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট প্রবাসীদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে বুধবার পর্যন্ত প্রায় ৩ লাখ ২৬ হাজার ব্যালট দেশে ফেরত এসেছে।
তবে পোস্টাল ভোট ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। বিভিন্ন দেশে প্রবাসী ভোট সংগ্রহ ও প্রেরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, কিছু দেশে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী ব্যালট নিয়ন্ত্রণ করছে। যদিও এসব অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা আসেনি। ইসি জানিয়েছে, এসব ব্যালট দেশের ভোটগ্রহণ শেষে ১২ ফেব্রুয়ারি অন্যান্য ব্যালটের সঙ্গে একত্রে গণনা করা হবে।
মোট ভোটারের সংখ্যা ১২ কোটির বেশি হলেও প্রবাসী পোস্টাল ব্যালটের সংখ্যা কিছু আসনে ফল নির্ধারণে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। যেমন ফেনী-৩ আসনে পোস্টাল ব্যালটের সংখ্যা ১৬ হাজারের বেশি—যা দেশের সর্বোচ্চ। এছাড়া চট্টগ্রাম বিভাগের একাধিক আসনে ১০ হাজারের বেশি প্রবাসী ভোটার রয়েছেন।
২০০৮ সালের নির্বাচনের তথ্য বলছে, অন্তত ৩০টি আসনে জয়-পরাজয়ের ব্যবধান ছিল ১০ হাজারের কম। সে প্রেক্ষাপটে এবারের পোস্টাল ব্যালট অন্তত ১৮টি আসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
